খামেনির মৃত্যুর প্রতিবাদে কাশ্মীরে শান্তি মিছিল শিয়া মুসলিমদের

শ্রীনগর: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনি আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলায় নিহত। খবর প্রকাশ্যে আসার পরই বিশ্বজুড়ে হইচই। প্রতিবাদের ঢেউ উঠেছে ভারতের বিভিন্ন জায়গাতেও। রবিবার কাশ্মীর উপত্যকায় শ্রীনগরসহ বিভিন্ন এলাকায় হাজার হাজার মানুষ রাস্তায় নেমে শান্তিপূর্ণ মিছিল করেছেন।

অধিকাংশ বিক্ষোভ হয়েছে শিয়া অধ্যুষিত এলাকায়। লালচক, সাইদা কাদল, বুদগাম, বান্দিপোরা, আনন্তনাগ ও পুলওয়ামায় মিছিল বের হয়। বিক্ষোভকারীরা মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের বিরুদ্ধে স্লোগান দেন।

কাশ্মীরের প্রধান ধর্মীয় নেতা মিরওয়াইজ উমর ফারুক বলেছেন, তিনি খামেনেইয়ের হত্যায় গভীরভাবে শোকাহত ও ক্ষুব্ধ। তাঁর বক্তব্য, “ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ সাইয়্যেদ আলি খামেনেইয়ের নির্মম হত্যাকাণ্ড গোটা মুসলিম বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। জম্মু-কাশ্মীরের মানুষ এই বর্বরতা ও ইরানের বিরুদ্ধে চলমান আগ্রাসনকে নিন্দা জানাচ্ছে।”

তিনি আরও বলেন, মিনাবে নিরীহ ছাত্রীদের হত্যাকাণ্ডও সমানভাবে নিন্দনীয়। কাশ্মীরের মানুষ ইরানের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করছে। তাঁর বার্তায় উল্লেখ করা হয়েছে, “এই গভীর শোকের সময়ে আমাদের হৃদয় ইরানের দৃঢ় জনগণের সঙ্গে রয়েছে। আল্লাহ নিপীড়িতদের শক্তি দিন, শহীদদের মর্যাদা দিন এবং অপরাধীদের দ্রুত বিচার হোক।”

About The Author