রাঁচি: স্বামীকে বাঁচাতে ৮ লক্ষ টাকায় এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া! সঙ্গে ছিলেন স্ত্রীও। দিল্লি যাওয়ার পথে দুর্ঘটনায় সাত জনের মৃত্যু। নিঃস্ব হয়ে গেল গোটা পরিবার!
সোমবার সন্ধ্যায় ঝাড়খণ্ডের চাটরা জেলায় ভয়াবহ এয়ার অ্যাম্বুল্যান্স দুর্ঘটনায় প্রাণ হারালেন সাতজন। রাঁচি থেকে দিল্লি যাওয়ার পথে বিমানটি ভেঙে পড়ে।
বিমানে ছিলেন, রোগী সঞ্জয় কুমার শাও, তাঁর স্ত্রী অর্চনা দেবী, আত্মীয় ধ্রুব কুমার, চিকিৎসক ড. বিকাশ কুমার গুপ্ত, নার্স সচিন কুমার মিশ্র, এবং দুই পাইলট ক্যাপ্টেন বিবেক বিকাশ ভগত ও ক্যাপ্টেন সাভরাজদীপ সিংহ। সবাই ঘটনাস্থলেই প্রাণ হারান।
সঞ্জয় কুমার শাও ঝাড়খণ্ডের লাতেহার জেলার চান্দওয়ায় একটি হোটেল চালাতেন। গত সপ্তাহে হোটেলে শর্ট সার্কিট থেকে আগুন লাগে, তাতে তিনি গুরুতরভাবে দগ্ধ হন। প্রায় ৬৫ শতাংশ পোড়া অবস্থায় তাঁকে রাঁচির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা তাঁকে দিল্লির গঙ্গারাম হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।
পরিবার সঞ্জয়ের চিকিৎসার জন্য আত্মীয়দের কাছ থেকে প্রায় ৭.৫ লক্ষ টাকা ধার করে এয়ার অ্যাম্বুল্যান্স ভাড়া করে। কিন্তু জীবন বাঁচানোর সেই প্রচেষ্টা শেষ পর্যন্ত মর্মান্তিক পরিণতিতে পৌঁছায়।
পরিবারের অভিযোগ, রাঁচিতে উন্নত চিকিৎসা সুবিধা থাকলে এই দুর্ঘটনা এড়ানো যেত। সঞ্জয় ও তাঁর স্ত্রীর মৃত্যুতে তাঁদের দুই সন্তান অনাথ হয়ে গেল।

