২৬-র বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ হতেই চরম অসন্তোষের ছবি ধরা পড়ল মালবাজারে। বৃহস্পতিবার মাল বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হিসেবে শুকুরা মুন্ডার নাম ঘোষণা হওয়ার পরই ক্ষুব্ধ কর্মী-সমর্থকদের একাংশ রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করে। বিক্ষোভ ক্রমেই উত্তেজনায় রূপ নেয়।
অভিযোগ, একদল ক্ষুব্ধ কর্মী মালবাজারের বিজেপি পার্টি অফিসে ভাঙচুর চালায় এবং আগুন ধরিয়ে দেয়। সেই আগুনে একাধিক পোস্টার ব্যানার ছিঁড়ে পুড়িয়ে দেওয়া হয়। বাদ যায়নি প্রধানমন্ত্রীর ছবিও। ঘটনার পর মুহূর্তের মধ্যে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বাহিনী।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রার্থী নির্বাচনে দলের অন্দরে দীর্ঘদিন ধরেই অসন্তোষ তৈরি হচ্ছিল। সেই ক্ষোভই এদিন বিস্ফোরিত হয়। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও গ্রেফতারের খবর মেলেনি। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা।

