জলপাইগুড়ি: ট্রাকের ধাক্কায় তৃণমূল নেতার মৃত্যু ঘিরে উত্তপ্ত হয়ে উঠল জলপাইগুড়ি। পথ দুর্ঘটনায় নেতার মৃত্যুর খবর পেয়ে জাতীয় সড়কে বিক্ষোভ দেখাতে শুরু করে উত্তেজিত জনতা৷ বাধা পেয়ে উল্টে দেওয়া হয় পুলিশের গাড়িও৷ চলে ভাঙচুর।
মঙ্গলবার রাতে জলপাইগুড়ির গোশালা মোড়ে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তৃণমূলের সংখ্যালঘু নেতা লুৎফর রহমান। তিনি মেয়েকে টিউশন থেকে নিয়ে বাড়ি ফিরছিলেন, সেই সময় একটি ট্রাক তাঁর বাইকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন এবং পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর মেয়েটি গুরুতর অবস্থায় চিকিৎসাধীন।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা ছড়ায়। স্থানীয়রা অভিযোগ করেন, রাত আটটার পর গোশালা মোড়ে কোনও ট্রাফিক পুলিশ থাকে না, ফলে বারবার দুর্ঘটনা ঘটছে। ক্ষুব্ধ জনতা শিলিগুড়িগামী ২৭ নম্বর জাতীয় সড়কে বিক্ষোভ দেখাতে শুরু করে এবং কলেজ মোড়ে পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করে। এর ফলে কিছু সময়ের জন্য যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
অতিরিক্ত পুলিশ সুপার শৌভনিক মুখোপাধ্যায় জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে কীভাবে দুর্ঘটনা ঘটল। পরে অতিরিক্ত পুলিশ ও র্যাফ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘাতক ট্রাকটিকে স্থানীয়রা অসম মোড়ে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
এই ঘটনায় জলপাইগুড়ি জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। দলীয় সহকর্মীরা লুৎফর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর মেয়ের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

