জলপাইগুড়ি: ভাঙা কোমর আর দৃষ্টিহীনতা নিয়েই SIR শুনানির লাইনে ৭০ বছরের বৃদ্ধা! চরম অমানবিকতার ছবি জলপাইগুড়িতে। হাতে শুনানির নোটিশ। নাম না চলে যায়, সেই ভয়ে।
জলপাইগুড়ি সদর ব্লকের বিডিও অফিস লাগোয়া কেন্দ্রে শুক্রবার দুপুরে ধরা পড়ল এক হৃদয়বিদারক দৃশ্য। ভাঙা কোমর আর ঝাপসা দৃষ্টিশক্তি নিয়ে ৭০ ঊর্ধ্ব বৃদ্ধা গীতা দত্তকে কাগজপত্র মেলানোর জন্য লাইনে দাঁড়াতে ডাকা হয়। এক চোখ সম্পূর্ণ অকেজো, অন্য চোখও বয়সজনিত কারণে ঝাপসা, এই অবস্থায় তিনি কোনও মতে ভিড়ের মধ্যে এক কোণে বসে ছিলেন।
শুনানির নোটিশ হাতে নিয়ে আতঙ্কিত বৃদ্ধা ওই কেন্দ্রে পৌঁছেছিলেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, “আমি একাই থাকি, আমাকে দেখার মতো কেউ নেই। ভাঙা কোমরের জন্য ঠিকমতো হাঁটতে পারি না, দাঁড়িয়ে থাকাও সম্ভব নয়।” এই দৃশ্য দেখে উপস্থিত অনেকেই বিস্মিত হন। নাগরিকদের মতে, বয়সজনিত কারণে যারা লাইনে দাঁড়াতে অক্ষম, তাদের জন্য বিকল্প ব্যবস্থা থাকা উচিত।

