সুভাষ চন্দ্র বোস, বেলাকোবা: সহকর্মীর সঙ্গে কর্মস্থলে যাওয়ার পথে মর্মান্তিক পরিণতি যুবতীর! স্কুটি নিয়ে জাতীয় সড়কে উঠতেই পেছন থেকে গাড়ির ধাক্কা। গুঁড়িয়ে গেল মাথা। মৃত্যু হল বেলাকোবার যুবতীর।
শুক্রবার সকাল দশটা নাগাদ বেলাকোবা থেকে দশদরগায় জাতীয় সড়কে উঠতেই এই ঘটনা। জানা গেল, মৃতার নাম শম্পা রায় (২৬)। ময়নাগুড়ি বিডিও অফিসে ড্যাটা এন্ট্রির কাজ করতেন। এদিন SIR সংক্রান্ত কাজে যাচ্ছিলেন।
সকালে তাঁর সহকর্মী পায়েল হাজরার স্কুটিতে চেপে ময়নাগুড়ি বিডিও অফিসে রওনা হন। অভিযোগ, জাতীয় সড়কে উঠতেই পেছন থেকে আসা একটি গাড়ি তাঁদের ধাক্কা মেরে পালিয়ে যায়। স্কুটি থেকে পড়ে গিয়ে পেছনের গাড়ির চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় শম্পার।
দুর্ঘটনার পরই পেছন থেকে আসা রাজগঞ্জ থানার পুলিশের গাড়ি তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সহকর্মী পায়েল গুরুতর আহত অবস্থায় জলপাইগুড়ি হাসপাতালে ভর্তি রয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, শম্পার বাড়িতে প্রতিবন্ধী বাবা রয়েছেন। তাঁর ভরসায় চলত সংসার। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্ত গাড়ির সন্ধান করছে।
- সহকর্মীর সঙ্গে কর্মস্থলে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা। জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় প্রাণ গেল ময়নাগুড়ি বিডিও অফিসের কর্মী শম্পা রায়ের। আহত সহকর্মী পায়েল হাসপাতালে ভর্তি। পরিবারে নেমেছে শোকের ছায়া…

