ধূপগুড়ি: পিকনিকে খাসির মাংস নিয়ে রাগারাগি-বাক বিতণ্ডা, কাণ্ড পৌছল হাতাহাতির পর্যায়ে। মাথা ফাটল একজনের। সাকুল্যে পাঁচজন কমবেশি আহত হন। নতুন বছরের প্রথম দিনে ধূপগুড়ির ঘটনায় হইচই।
জানা গেল, জলপাইগুড়ির ধূপগুড়িতে সোনাখালি জঙ্গলে এদিন পিকনিক করতে গিয়েছিলেন ধূপগুড়ি মহকুমা হাসপাতালের ১০-১২ জন অ্যাম্বুল্যান্স চালক। সেখানেই খাসির মাংস নিয়েই নাকি তাঁদের মধ্যে বাক-বিতণ্ডা শুরু হয়ে যায়! রাগারাগিতে কথার মোড় ঘুরে যায় অন্যদিকে। কেউ থানার হয়ে গাড়ি চালায় বলে নাকি বেশি সুবিধা। ইত্যাদি।
অভিযোগ, দীপু রায় ও সত্যজিৎ রায় নামে দু’জন বাকিদের হুমকি দেয়। এমনকি, ফেরার পথে গাড়ি থামিয়ে পাথর দিয়ে গোবিন্দ বর্মন নামে একজনের মাথায় ফাটিয়ে দেওয়া হয়। হামলায় আহত হন আরও ৪ জন। গুরুতর আহত অবস্থায় গোবিন্দ এখন ভর্তি ধূপগুড়ি মহাকুমা হাসপাতাল। তাঁর মাথায় বেশ কয়েকটি সেলাই পড়েছে বলে খবর।
ঘটনার পরই বিচার চেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন তাঁর পরিবারের লোকজনেরা। পুলিশ ব্যবস্থা না নিলে ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছেন অ্যাম্বুল্য়ান্স চালকরা। এদিকে ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে ধূপগুড়ি থানার আইসি।

