খামেনির ছবি জ্বালিয়ে ভাইরাল তরুণী, মৃত্যুর পর উল্লাস করে ফের আলোচনায়

ইরানের সুপ্রিম নেতা-র মৃত্যুর খবর সামনে আসতেই ইরানে একদিকে শোক আবার অন্যদিকে প্রবাসী ইরানিদের একাংশের মধ্যে উদযাপন করতে দেখা দিয়েছে। খামেনির ছবি জ্বালিয়ে ভাইরাল হওয়া প্রবাসী ইরানি তরুণী মডিসিয়া অ্যাডামস (ছদ্মনাম), খামেনির মৃত্যুর পর উল্লাসের ভিডিও পোস্ট করে ফের আলোচনায় উঠে এসেছেন।

আমেরিকা ও ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের সর্বোচ্চ নেতা নিহত হয়েছেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে। এই ঘটনার পর একদিকে যেমন দেশজুড়ে শোকের আবহ তৈরি হয়েছে, অন্যদিকে সরকারের বিরোধী অংশের মধ্যে উল্লাসের ছবিও সামনে এসেছে। এই আবহেই ফের আলোচনায় উঠে এসেছেন মডিসিয়া অ্যাডামস (ছদ্মনাম) নামে পরিচিত এক প্রবাসী ইরানি তরুণী। তিনি চলতি বছরের জানুয়ারিতে খামেনির ছবি জ্বালিয়ে সেই আগুনে মুখের সিগারেট ধরানোর ভিডিও পোস্ট করে ভাইরাল হয়েছিলেন। সেই ভিডিও ইরানের সাম্প্রতিক সরকারবিরোধী আন্দোলনের অন্যতম প্রতীকী ছবি হয়ে ওঠে।

এবার খামেনির মৃত্যুর পর সামাজিক মাধ্যমে দাবি করা হচ্ছে, ওই তরুণী পথে নেমে উল্লাস করেছেন। এনডিটিভির প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মডিসিয়া অ্যাডামস কানাডা-প্রবাসী ইরানি। তবে ‘মডিসিয়া অ্যাডামস’ তাঁর আসল নাম নয়, এটি ছদ্মনাম বলেই জানা গিয়েছে। রবিবার প্রকাশিত একটি ভিডিওতে তাঁকে একটি বিক্ষোভ সমাবেশে নাচতে ও উদযাপন করতে দেখা যায়।

ভিডিওতে তিনি নিজেকে প্রবাসী ইরানি বলে পরিচয় দেন এবং বলেন, “আমি আগেই বলেছিলাম খামেনির কবরের উপর নাচব। এত তাড়াতাড়ি সেটা সত্যি হবে ভাবিনি।” সামাজিক মাধ্যমে পোস্ট করা আর একটি ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, খামেনির মৃত্যুতে তিনি উদযাপন করছেন এবং মন্তব্য করেন যে তিনি “ইঁদুরের মতো মারা গিয়েছেন।”

এদিকে ইরানের বিভিন্ন শহরে শোক পালন ও নিরাপত্তা জোরদারের খবর মিলছে। রাষ্ট্রীয় স্তরে শোক ঘোষণা করা হয়েছে বলেও জানা গেছে। তবে একই সঙ্গে প্রবাসী ইরানিদের একটি অংশের উল্লাসের ছবিও ইতিমধ্যেই সামনে এসেছে, বিশেষ করে ইউরোপ ও উত্তর আমেরিকার কয়েকটি শহরে ছোট ছোট জমায়েতের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে।

About The Author