কলকাতা: আজ সুপ্রিম কোর্টে I-PAC মামলার শুনানি হওয়ার কথা থাকলেও তা আর হল না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কপিল সিব্বল অসুস্থ হয়ে পড়ায় রাজ্যের পক্ষ থেকে অতিরিক্ত সময় চাওয়া হয়। বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রর বেঞ্চ সেই আবেদন মঞ্জুর করে মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আগামী ১৮ ফেব্রুয়ারি। সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতে প্রস্তাব দেন, ওই দিনই শুনানি হোক, এবং আদালত সেই প্রস্তাবে সম্মতি জানায়।
উল্লেখযোগ্য যে, এই মামলার সূত্রপাত হয় গত ৮ জানুয়ারি ইডি কর্তৃক I-PAC-এর দফতর ও কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালানোর পর। সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উপস্থিত হয়ে কিছু নথি সংগ্রহ করেন। সেই ঘটনাকে কেন্দ্র করেই ইডি ও রাজ্যের মধ্যে সংঘাত তৈরি হয় এবং বিষয়টি সুপ্রিম কোর্টে পৌঁছায়। মামলার গুরুত্ব রাজনৈতিকভাবে যথেষ্ট বেশি হওয়ায় প্রতিটি শুনানির দিকে নজর থাকছে। তবে কপিল সিব্বলের অসুস্থতার কারণে আজকের শুনানি স্থগিত হয়ে গেল। এখন সব চোখ ১৮ ফেব্রুয়ারির দিকে।

