যৌন কেলেঙ্কারিতে নাম জড়াল ইনফ্লুয়েন্সার শমীক অধিকারী, বেহালায় এফআইআর দায়ের বান্ধবীর

কলকাতা: জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ও ‘ননসেন’ খ্যাত শমীক অধিকারীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠল। এক তরুণীকে যৌন হেনস্থার অভিযোগ তাঁর বিরুদ্ধে। ঘটনা প্রকাশ্যে আসতেই প্রশ্ন উঠছে, তবে কি ‘বাটন’ নামের প্রতিবাদমূলক কন্টেন্ট বানানোর জেরেই সাজানো মামলা? যদিও এই ব্যাপারে এখনও আনুষ্ঠানিক কোনও বয়ান মেলেনি শমীকের তরফ থেকে।

জানা গেল, অভিযোগকারী তাঁর প্রেমিকা। তিনি অভিযোগ করেছেন, বেহালার একটি ফ্ল্যাটে তাঁকে আটকে রেখে শারীরিক অত্যাচার ও যৌন হেনস্তা করেছেন শমীক। তরুণীর দাবি, ২ থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত তিনি ওই ফ্ল্যাটে বন্দি ছিলেন। এ সময় তাঁকে মারধর করা হয়, জোর করে জামাকাপড় খোলার চেষ্টা করা হয় এবং আপত্তিকরভাবে স্পর্শ করা হয়। বিষয়টি প্রকাশ্যে না আনার হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ। সাহস করে বুধবার বেহালা থানায় এফআইআর দায়ের করেন তিনি।

অভিযোগের পরিপ্রেক্ষিতে শমীক অধিকারী সংবাদ প্রতিদিন ডিজিটালকে বলেন, “এতদিনের সম্পর্ক আমাদের। দু’দিন আগে চূড়ান্ত অশান্তি হয়েছে। মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। প্রেমিকার সঙ্গে যদি ঘনিষ্ঠতা থাকে, সেটা তো তাঁর অনুমতি নিয়েই হবে।”

এ ঘটনায় নেট মাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কয়েকদিন আগেই শমীক ‘বাটন’ নামে একটি প্রতিবাদমূলক কনটেন্ট তৈরি করেছিলেন, যেখানে রাজ্য প্রশাসনের গাফিলতির প্রসঙ্গ উঠে আসে। বিরোধী মহলের প্রশ্ন, সেই প্রতিবাদমূলক কনটেন্টের পরই কি তাঁর বিরুদ্ধে এমন অভিযোগ আনা হল? পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। তবে আনুষ্ঠানিকভাবে এখনও কেউ মুখ খোলেননি। শমীকের তরফেও এই ব্যাপারে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

About The Author