যৌন হেনস্থার অভিযোগে গ্রেপ্তার ইনফ্লুয়েন্সার শমীক অধিকারী, ১০ দিনের পুলিশ হেফাজতে

কলকাতা:সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার শমীক অধিকারীকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার তাঁকে আলিপুর আদালতে হাজির করানো হলে আদালত অভিযুক্তকে ১০ দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়। মামলাটি বর্তমানে তদন্তাধীন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগ ওঠার পর শমীক আচমকাই নিখোঁজ হয়ে যান। তাঁর সঙ্গে মা-বাবাও ছিলেন বলে জানা যায়। কয়েকদিন তাঁদের কোনও খোঁজ পাওয়া যায়নি। পরে বৃহস্পতিবার গভীর রাতে দমদম এলাকা থেকে শমীককে গ্রেপ্তার করা হয়। এরপর শুক্রবার সকালে তাঁকে বেহালা থানা থেকে আলিপুর আদালতে হাজির করা হয়। আদালত চত্বরে সাংবাদিকদের সামনে শমীক দাবি করেন, “আমাকে ফাঁসানো হয়েছে।”

২২ বছর বয়সি এক তরুণীর লিখিত অভিযোগের ভিত্তিতে বেহালা থানায় মামলা রুজু হয়। অভিযোগ অনুযায়ী, বেহালার একটি ফ্ল্যাটে তাঁকে আটকে রাখা হয়েছিল। ২ ফেব্রুয়ারি রাত থেকে ৩ ফেব্রুয়ারি সন্ধ্যা পর্যন্ত বন্দি করে রেখে শারীরিক ও মানসিক হেনস্তা করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নেট দুনিয়ায়। পুলিশ তদন্ত শুরু করেছে এবং শমীককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

About The Author