ভারত থেকে ১৬ হাজার মেট্রিক টন চাল পৌঁছল বাংলাদেশে

কলকাতা: ইরান যুদ্ধের আবহে যখন গোটা বিশ্বে জ্বালানি সংকট তীব্র হচ্ছে, ঠিক সেই সময় ভারতের পক্ষ থেকে প্রতিবেশী বাংলাদেশে পৌঁছল বিপুল পরিমাণ চাল। কলকাতা বন্দর থেকে রওনা হয়ে রবিবার মোংলা বন্দরে ভিড়ল দুটি বিদেশি জাহাজ। পানামা পতাকাবাহী ‘এইচ টি পাইনিওর’ জাহাজে এসেছে প্রায় ১১ হাজার মেট্রিক টন চাল, আর ভিয়েতনাম পতাকাবাহী ‘হোয়াংটন-৮৯’ জাহাজে পৌঁছেছে আরও ৫ হাজার মেট্রিক টন চাল।

মোট ১৬ হাজার মেট্রিক টন চাল ইদের আগে বাংলাদেশে পৌঁছনোকে সেদেশের জন্য বড় স্বস্তি হিসেবে দেখা হচ্ছে। স্থানীয় শিপিং এজেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে এই চাল আমদানি করা হয়েছে। রবিবার সকাল থেকেই খালাসের কাজ শুরু হয়েছে এবং কয়েক দিনের মধ্যে তা শেষ হবে। এরপর ছোট জাহাজে করে দেশের বিভিন্ন জেলায় চাল সরবরাহ করা হবে।

বাংলাদেশ সরকার ইতিমধ্যেই ভারত, মায়ানমার ও পাকিস্তান থেকে আতপ ও সিদ্ধ চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে। সব মিলিয়ে প্রায় ৮ লাখ টন চাল আমদানি হবে। খাদ্য দফতরের কর্মকর্তাদের মতে, বাজারে চালের দাম স্থিতিশীল রাখতে এবং সরবরাহ বাড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইদের আগে চাল পৌঁছনোকে সাধারণ মানুষও ইতিবাচকভাবে দেখছেন।

About The Author