নয়াদিল্লি: মধ্যপ্রাচ্যে যুদ্ধ আবহে তীব্র গ্যাস সংকটের মুখে ভারতও। এমতাবস্থায় জরুরী ভিত্তিতে ‘এসমা’ জারি করল কেন্দ্র সরকার।
কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার Essential Services Maintenance Act (ESMA) জারি করেছে। এর ফলে গ্যাস পরিবহন ও বিতরণে কোনও ধরনের ধর্মঘট বা বাধা দেওয়া যাবে না।
পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের নির্দেশ অনুযায়ী, এলপিজি সরবরাহে প্রথম অগ্রাধিকার দেওয়া হবে গৃহস্থালি ব্যবহারকারীদের। অর্থাৎ সাধারণ পরিবারগুলো আগে সিলিন্ডার পাবেন। এরপর হাসপাতাল, স্কুল–কলেজের হোস্টেল এবং অন্যান্য জরুরি পরিষেবায় গ্যাস সরবরাহ নিশ্চিত করা হবে।
হোটেল ও রেস্তোরাঁ মালিকরা জানিয়েছেন, ডিস্ট্রিবিউটররা তাঁদের স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে আপাতত গৃহস্থালি গ্রাহকদের জন্যই সরবরাহকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। শিল্প ও বাণিজ্যিক খাতে গ্যাস সরবরাহ আপাতত সীমিত রাখা হবে। সরকারি সূত্রে জানা গেছে, এই পদক্ষেপের লক্ষ্য হলো সংকটকালে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা যাতে ব্যাহত না হয় তা নিশ্চিত করা। তবে শিল্পক্ষেত্রে এর প্রভাব পড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

