টি–২০ বিশ্বকাপের ইতিহাসে ভারতীয় ক্রিকেট দল গড়ল বিরল রেকর্ড। নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে ভারত তৃতীয়বারের মতো বিশ্বকাপ জিতল এবং প্রথম দল হিসেবে টানা দুইবার চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করল।
বিসিসিআই সচিব জয় শাহ সামাজিক মাধ্যমে বার্তা দিয়ে বলেন, “ভারতই প্রথম কোনও টিম যারা ব্যাক–টু–ব্যাক বিশ্বজয়ী।” সামাজিক মাধ্যমে দেওয়া বার্তায় তিনি লিখেছেন, “সবচেয়ে জনপ্রিয় ICC ইভেন্টের কি অসাধারণ সমাপ্তি! ভারতকে অভিনন্দন, যারা পরপর দুটি T20 Word Cup শিরোপা বিজয়ী হিসেবে প্রথম দল হিসেবে আত্মপ্রকাশ করল। সেই সঙ্গে, সূর্যকুমার যাদব এবং তাঁর পুরো টিম ও কর্মীদের জন্য শুভকামনা।”
ভারত এর আগে ২০০৭ ও ২০২৪ সালে টি–২০ বিশ্বকাপ জিতেছিল। এবার ২০২৬ সালের আসরে জয়ী হয়ে তারা একসঙ্গে তিনটি রেকর্ড গড়ল, তৃতীয়বার চ্যাম্পিয়ন, প্রথমবার স্বাগতিক হিসেবে ট্রফি জয় এবং টানা দুইবার বিশ্বকাপ জেতা।
অন্যদিকে বিশ্বকাপ ইতিহাসে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড দু’বার করে চ্যাম্পিয়ন হয়েছে। পাকিস্তান, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া একবার করে শিরোপা জিতেছে। ফলে ভারত এখন এককভাবে সবচেয়ে সফল দল হিসেবে শীর্ষে উঠে এসেছে।

