ইংল্যান্ডকে ৭ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারত

অহমেদাবাদের সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে চতুর্থবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেল ভারত। ইংল্যান্ডের ক্যাপটেন হ্যারি ব্রুকের দুটি বড় ভুল, টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত এবং সঞ্জু স্যামসনের সহজ ক্যাচ ফেলে দেওয়া, ম্যাচের মোড় ঘুরিয়ে দিল।

সঞ্জু-ঈশানের ঝড়ো ব্যাটিং, অক্ষরের দুর্দান্ত ক্যাচ ও বুমরাহর আগুনে বলিংয়ে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ভারত। ইতিহাস গড়ার পথে সূর্যকুমার যাদবেরা। ভারতের ৭ উইকেটে ২৫৩ রানের জবাবে ইংল্যান্ড করতে পারল ৭ উইকেটে ২৪৬ রান। জ্যাকব বেথেলের শতরান (১০৫) সত্ত্বেও জয় হাতছাড়া হয় ইংল্যান্ডের।

ভারতের ব্যাটিংয়ে ঝড় তোলেন সঞ্জু স্যামসন। জীবন পাওয়া সঞ্জু ৪২ বলে ৮৯ রান করেন, মারেন ৮টি চার ও ৭টি ছক্কা। তাঁর সঙ্গে মারমুখী ঈশান কিশন (১৮ বলে ৩৯) এবং শিবম দুবে (২৫ বলে ৪৩) ইংল্যান্ডের বোলারদের চাপে ফেলে দেন। শেষ দিকে হার্দিক পাণ্ড্যা (১২ বলে ২৭) ও তিলক বর্মা (৭ বলে ২১) রান তোলার গতি বাড়ান।

ইংল্যান্ডের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন উইল জ্যাকস (৪০ রানে ২ উইকেট) ও আদিল রশিদ (৪১ রানে ২ উইকেট)। তবে জফ্রা আর্চার ৬১ রান দিয়ে ১ উইকেট নিয়ে বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে এক ম্যাচে সবচেয়ে বেশি রান দেওয়ার লজ্জার রেকর্ড গড়েন।

এই জয়ে ভারত ফাইনালে পৌঁছল। রবিবার নিউজিল্যান্ডকে হারাতে পারলে ভারত হবে বিশ্বের প্রথম দেশ, যারা টানা দু’বার টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে। একই সঙ্গে ২০২৩ সালের আক্ষেপ মেটানোর সুযোগ পাবেন ঈশান কিশন, যিনি সে বার এক দিনের বিশ্বকাপ ফাইনালে হারের ধাক্কায় ক্রিকেট থেকে দূরে সরে গিয়েছিলেন।

About The Author