তেহরান-আমেরিকা সম্পর্কের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ভারতীয় নাগরিকদের ইরান ছাড়ার পরামর্শ দিল ভারতের দূতাবাস। শনিবার প্রকাশিত সর্বশেষ নির্দেশিকায় বলা হয়েছে, “ভারতীয় নাগরিকরা যেন ইরান ত্যাগ করেন, বাণিজ্যিক ফ্লাইটসহ যেকোনও উপলব্ধ পরিবহন ব্যবস্থায়।”
এই নির্দেশিকা প্রযোজ্য হবে সকলের জন্য— ছাত্রছাত্রী, ব্যবসায়ী, পর্যটক ও তীর্থযাত্রীদের ক্ষেত্রে। দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, নাগরিকরা যেন সবসময় তাঁদের ভ্রমণ ও পরিচয়পত্র সঙ্গে রাখেন এবং স্থানীয় সংবাদমাধ্যমের খবর নিয়মিত নজরে রাখেন।
ভারতীয় দূতাবাস জরুরি যোগাযোগ নম্বর ও ইমেলও প্রকাশ করেছে: ফোন: +989128109115, +989128109109, +989128109102, +989932179359, ইমেল: cons.tehran@mea.gov.in
ভারতীয় নাগরিকদের দূতাবাসে নিবন্ধন করারও অনুরোধ জানানো হয়েছে। ইরানে নতুন করে বিক্ষোভ শুরু হওয়ার পর এই নির্দেশিকা এসেছে। তেহরান ও মাশহাদের একাধিক বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীরা সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামেন। পরিস্থিতি আরও অস্থির হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছে আন্তর্জাতিক মহল।

