বিশ্বকাপ খেলতে হলে ভারতেই আসতে হবে, বাংলাদেশকে জানাল আইসিসি

টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ ভারতেই হবে বলে জানাল আইসিসি। বিসিবি দল না পাঠালে পয়েন্ট কেটে নেওয়া হবে, ফলে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে বড় ধোঁয়াশা। বিসিবি ইতিমধ্যেই ঘোষণা করেছে, তারা ভারত সফরে আসবে না। এর পরই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ভার্চুয়াল বৈঠকে স্পষ্ট জানিয়ে দিয়েছে—বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে অন্য কোথাও সরানো সম্ভব নয়। অর্থাৎ বিশ্বকাপে খেলতে হলে বাংলাদেশকে ভারতেই আসতে হবে।

ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, আইসিসি বিসিবিকে জানিয়েছে, যদি বাংলাদেশ দল ভারতে না আসে, তবে তাদের ম্যাচের পয়েন্ট কেটে নেওয়া হবে। তবে বিসিবির দাবি, আইসিসি কোনও চূড়ান্ত আলটিমেটাম দেয়নি। এই বৈঠকের ফলাফল নিয়ে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ হয়নি।

উল্লেখ্য, গত ডিসেম্বরে আইপিএল নিলামে কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজুর রহমানকে ৯.২ কোটি রুপিতে দলে নিয়েছিল। কিন্তু বিসিসিআইয়ের নির্দেশে তাঁকে বাদ দেওয়া হয়। এর পরই বিসিবি নিরাপত্তা ইস্যু তুলে ধরে জানায়, তারা ভারত সফরে যাবে না।

বাংলাদেশের গ্রুপ পর্বের প্রথম তিন ম্যাচ নির্ধারিত ছিল কলকাতায়—৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ, ৯ ফেব্রুয়ারি ইতালি, ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিরুদ্ধে। শেষ ম্যাচ ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে।

About The Author