২০ টাকার ঘুষ মামলায় ৩০ বছর জেল! মুক্তির পরদিনই মৃত্যু

২০ টাকার মামলায় জীবনটাই শেষ হয়ে গেল! গুজরাটের প্রাক্তন পুলিশ কনস্টেবল বাবুভাই প্রজাপতির জীবন যেন বাস্তবের শশাঙ্ক রিডেম্পশন। মাত্র ২০ টাকার ঘুষ নেওয়ার অভিযোগে তিনি প্রায় ৩০ বছর জেলে কাটিয়েছিলেন। অবশেষে গুজরাট হাইকোর্ট তাঁকে নির্দোষ ঘোষণা করে।

৪ ফেব্রুয়ারি আদালতের রায় শোনার পর তিনি বলেন, “আমার জীবন থেকে কলঙ্ক মুছে ফেলা হয়েছে। ঈশ্বর যদি আমাকে নিয়ে যান, তবুও আমার কোনও দুঃখ থাকবে না।” কিন্তু সেই কথাই যেন ভবিষ্যদ্বাণী হয়ে দাঁড়ায়। মুক্তির পরদিনই হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়।

তাঁর আইনজীবী নীতিন গান্ধী জানান, “গতকাল অফিসে এসে তিনি খুব খুশি ছিলেন। আমি বলেছিলাম, ‘আপনি সরকারের কাছ থেকে প্রাপ্য সুবিধার জন্য আবেদন করুন।’ আজ সকালে ফোন করলে জানতে পারি, তিনি আর নেই।”

প্রজাপতির বিরুদ্ধে অভিযোগ ছিল ১৯৯৬ সালে আহমেদাবাদে পোস্টিং চলাকালীন তিনি ২০ টাকা ঘুষ নিয়েছিলেন। ২০০৪ সালে দায়রা আদালত তাঁকে চার বছরের কারাদণ্ড দিয়েছিল। কিন্তু মামলা চলতে থাকায় তিনি দীর্ঘ সময় বন্দি জীবন কাটান। অবশেষে হাইকোর্ট সাক্ষীদের বক্তব্যে অসঙ্গতি দেখে তাঁকে নির্দোষ ঘোষণা করে। তাঁর পরিজনরা বলেছেন, “আরও ক’দিন যদি তিনি বেঁচে থাকতেন, তবে মুক্তির আনন্দটা পূর্ণ হতো।”

About The Author