পিচ-বিতর্কে ক্ষুব্ধ গৌতম গম্ভীর: ‘ভারত এতটাই শক্তিশালী, সুবিধা নেওয়ার দরকার নেই’

টি–২০ বিশ্বকাপে ভারতীয় দলের ধারাবাহিক বড় রান এবং রেকর্ড জয় নিয়ে পিচ-বিতর্ক শুরু করেছেন সমালোচকেরা। নজর কাড়ার জন্য বিতর্ক তৈরি করা হচ্ছে, পিচ-বিতর্কে মুখ খুললেন কোচ গৌতম গম্ভীর। তাঁর দাবি, ভারত এতটাই শক্তিশালী যে সুবিধা নেওয়ার জন্য বিশেষ পিচের দরকার নেই।

সমালোচকদের অভিযোগ, ভারতকে সুবিধা পাইয়ে দিতে উইকেট বিশেষভাবে প্রস্তুত করা হয়েছিল। এই অভিযোগে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দিয়েছেন ভারতীয় দলের কোচ ও প্রাক্তন বিশ্বজয়ী ক্রিকেটার গৌতম গম্ভীর।

গম্ভীর বলেন, “ভারতীয় দল এতটাই শক্তিশালী যে, তাদের সুবিধা মতো পিচ বানানোর দরকারই পড়ে না। কিছু মানুষ শুধু বিতর্ক তৈরি করতে চায়, ভিউ আর টিআরপির জন্য এই ধরনের মন্তব্য করছে।”

তিনি মনে করিয়ে দেন, শুধু ঘরের মাঠেই নয়, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মতো দেশেও ভারত বড় রান করেছে। তাঁর বক্তব্য, বিশ্বকাপে পিচ তৈরির দায়িত্ব আইসিসির, বিসিসিআই-এর নয়। কলম্বোয় পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের উদাহরণ টেনে তিনি বলেন, ভারত ঘূর্ণি উইকেটেও ১৮০ রান করেছিল, যেখানে অন্য দলগুলো ১৪০ রানের আশপাশে আটকে গিয়েছিল।

গম্ভীর আরও বলেন, দর্শকরা হাই-স্কোরিং ম্যাচ দেখতে চান, তাই রান হচ্ছে সেটাই ক্রিকেটের জন্য ভালো। তবে তিনি একইসঙ্গে মনে করিয়ে দিয়েছেন, টেস্ট ক্রিকেটই তাঁর কাছে সবচেয়ে প্রিয় ফরম্যাট এবং ভারতের লক্ষ্য হওয়া উচিত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালে ওঠা।

About The Author