নয়াদিল্লি: নির্বাচন কমিশন ভোটের নির্ঘণ্ট ঘোষণা করার কয়েক ঘণ্টার মধ্যেই রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল ঘটাল। প্রথমে মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে রাতারাতি বদলি করা হয়। আর সোমবার সকালে পুলিশ প্রশাসনের শীর্ষপদে একাধিক বদল ঘোষণা করল কমিশন।
কমিশনের নির্দেশে রাজ্যের ডিজি ও আইজি, আইজি ল’ অ্যান্ড অর্ডার, ডিজি কারাগার পরিষেবা এবং কলকাতা পুলিশ কমিশনার—সবাইকে সরিয়ে দেওয়া হয়েছে। কলকাতা পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পেলেন অজয় কুমার নন্দ (IPS-1996)। রাজ্যের নতুন ডিজি হলেন সিদ্ধনাথ গুপ্ত (IPS-1992)। স্বরাষ্ট্র দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি পদে নিয়োগ করা হয়েছে সঙ্গমিত্রা ঘোষ (IAS-1997), আর মুখ্যসচিব পদে বসানো হয়েছে দুষ্যন্ত নারিয়ালা (IAS-1993)।
তৃণমূল কংগ্রেস এই পদক্ষেপকে “অযৌক্তিক” বলে সংসদে প্রতিবাদ জানিয়ে ওয়াকআউট করেছে। দলের নেতাদের অভিযোগ, রাতারাতি শীর্ষ আমলাদের বদল রাজ্য সরকারের কাজকর্মে বিঘ্ন ঘটানোর উদ্দেশ্যে করা হয়েছে। অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, নির্বাচন কমিশনের সাংবিধানিক ক্ষমতা রয়েছে এবং নিরপেক্ষ ভোট করাতে এই পদক্ষেপ প্রয়োজন।
কমিশনের নির্দেশ অনুযায়ী, বদলি হওয়া কর্মকর্তারা নির্বাচনী কাজে যুক্ত থাকতে পারবেন না। এই রদবদলকে ভোটের আগে প্রশাসনিক নিরপেক্ষতা নিশ্চিত করার প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।

