কলকাতা: আচমকাই পদত্যাগ করলেন সিভি আনন্দ বোস! ভোটের মুখে এই পদত্যাগ ঘিরে তুমুল জল্পনা শুরু হয়েছে। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনায় কেন্দ্রকে তীব্র আক্রমণ করেছেন।
মমতা বলেন, “আমি বিস্মিত এবং গভীরভাবে উদ্বিগ্ন সিভি আনন্দ বোসের পদত্যাগের খবর শুনে। পদত্যাগের কারণ আমার জানা নেই। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনা করলে আশ্চর্য হব না যদি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর চাপের কারণে তাঁকে পদত্যাগ করতে হয়, যাতে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক স্বার্থ সিদ্ধি হয়।”
তিনি আরও অভিযোগ করেন, “কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে না জানিয়েই আরএন রবিকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে নিয়োগের কথা জানিয়েছেন। প্রচলিত রীতি অনুযায়ী মুখ্যমন্ত্রীকে পরামর্শ করার কথা থাকলেও তা হয়নি। এই ধরনের পদক্ষেপ ভারতের সংবিধানের চেতনাকে আঘাত করছে এবং আমাদের ফেডারেল কাঠামোর ভিত্তিকে দুর্বল করছে।”
মমতা কেন্দ্রকে সতর্ক করে বলেন, “কেন্দ্রকে সহযোগিতামূলক ফেডারেলিজমের নীতি মানতে হবে। একতরফা সিদ্ধান্ত নিয়ে রাজ্যের মর্যাদা ক্ষুণ্ণ করা যাবে না।” প্রসঙ্গত, সিভি আনন্দ বোসের পদত্যাগপত্র গৃহীত হয়েছে। সাময়িকভাবে দায়িত্ব নিতে চলেছেন তামিলনাড়ুর রাজ্যপাল আরএন রবি।

