নবান্নের সামনে ধর্নায় বসার অনুমতি নয়, শুভেন্দুর আবেদন খারিজ করল হাইকোর্ট

কলকাতা: আইপ্যাক তল্লাশির ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকার প্রতিবাদে নবান্নের সামনে ধর্নায় বসার পরিকল্পনা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু সেই আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

এর আগে বিচারপতি শুভ্রা ঘোষের একক বেঞ্চ বিজেপিকে ধর্নার অনুমতি দিয়েছিল, তবে শর্ত ছিল নবান্নের সামনে নয়—মন্দিরতলা বাসস্ট্যান্ডে ৫০ জন বিধায়ক নিয়ে শান্তিপূর্ণ কর্মসূচি করা যাবে। মাইক ব্যবহার করা যাবে না, ছোট মঞ্চ তৈরি করা যাবে, এবং ২৪ ঘণ্টার মধ্যে জায়গা খালি করতে হবে। পুলিশকে নিরাপত্তার ব্যবস্থা করার নির্দেশও দেওয়া হয়েছিল।

এই নির্দেশকে চ্যালেঞ্জ করে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ ফের আবেদন জানান, যাতে নবান্নের সামনে ধর্নার অনুমতি দেওয়া হয়। কিন্তু বৃহস্পতিবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সেই আবেদন খারিজ করে দেয়।

রাজনৈতিক মহল মনে করছে, এই রায় বিজেপির আন্দোলন কৌশলে বড় ধাক্কা। অন্যদিকে তৃণমূল শিবির বলছে, প্রশাসনিক সদর দফতরের সামনে ধর্না হলে জনজীবন ব্যাহত হত। আদালতের রায়কে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন বিতর্ক শুরু হয়েছে।

About The Author