নয়াদিল্লি: বাজেটের পরের দিনই বাংলার জন্য এল বড় সুখবর। সোমবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘোষণা করলেন, পশ্চিমবঙ্গ তার প্রথম বুলেট ট্রেন পেতে চলেছে। এই হাইস্পিড ট্রেন বারাণসী থেকে পটনা হয়ে শিলিগুড়ি পর্যন্ত চলবে। ভবিষ্যতে করিডোরটি গুয়াহাটি পর্যন্ত প্রসারিত হবে বলেও জানিয়েছেন তিনি। রাজনৈতিক মহল মনে করছে, ভোটমুখী বাংলায় এই ঘোষণা কেন্দ্রীয় সরকারের বড় পদক্ষেপ।
২০২৬-২৭ অর্থবর্ষের বাজেটে জানানো হয়েছে, সারা দেশে সাতটি নতুন হাইস্পিড রেল করিডোর তৈরি হবে। এর মধ্যে একটি বারাণসী থেকে শিলিগুড়ি পর্যন্ত। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন একে ‘গ্রোথ কানেক্টিভিটি’ বলে উল্লেখ করেছেন। রেলমন্ত্রী জানিয়েছেন, এই সাতটি করিডোর তৈরিতে ব্যয় হবে প্রায় ১৬ লক্ষ কোটি টাকা।
বর্তমানে বারাণসী থেকে শিলিগুড়ি পৌঁছতে নিয়মিত ট্রেনে ১৪-১৮ ঘণ্টা সময় লাগে। কিন্তু বুলেট ট্রেনে এই যাত্রা মাত্র ২ ঘণ্টা ৫৫ মিনিটে সম্পন্ন হবে। ট্রেনের সর্বোচ্চ গতি ঘণ্টায় ৩০০-৩৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। রেলমন্ত্রী বলেন, এই প্রকল্প কর্মসংস্থান বৃদ্ধি করবে এবং মানুষের জীবনযাত্রাকে সহজ করবে।
পাশাপাশি, বাংলার ডানকুনি থেকে গুজরাতের সুরাত পর্যন্ত একটি ডেডিকেটেড ফ্রেট করিডোর তৈরি হবে। এর মাধ্যমে পণ্য পরিবহণ আরও দ্রুত ও পরিবেশবান্ধব হবে। কেন্দ্রীয় সরকার মনে করছে, এই উদ্যোগ ভারতের অর্থনীতিকে চাঙ্গা করবে এবং উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির উন্নয়নে নতুন দিশা দেবে।

