রাজগঞ্জ: দিদির টাকাতেই ব্রিগেড মুখী হচ্ছেন বিজেপি কর্মীরা! বেকার ভাতার ১,৫০০ টাকা নিয়েই ব্রিগেডে ছুটছেন বিজেপির যুব কর্মীরা।
রাত পোহালেই ব্রিগেডে সভা করতে আসছেন মোদী। কলকাতার সেই সমাবেশকে ঘিরে ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা ভরাতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ট্রেন ও বাসে করে বিজেপি কর্মী–সমর্থকরা রওনা হয়েছেন।
রাজগঞ্জের বেলাকোবা স্টেশন থেকেও বিজেপির যুব নেতা–কর্মীরা দলে দলে ব্রিগেডমুখী হয়েছেন। ট্রেনে ওঠার আগে তাঁদের মধ্যে কয়েকজন বলেন, “দিদির টাকা দিয়েই মোদীর সভায় যাচ্ছি।” এক যুবক জানান, সকালে তাঁর ব্যাংক অ্যাকাউন্টে যুব সাথী প্রকল্পের টাকা ঢুকেছে। সংসার চালানোর জন্য তা যথেষ্ট নয়, তবে সেই টাকা দিয়েই ব্রিগেডে যাওয়ার খরচ উঠে যাবে বলে মন্তব্য করেন তিনি। এক যুবক এও বলেন, ‘দিদি টাকা দিলেও ভোট দেব মোদীকেই।’
এই ভিডিও প্রকাশ্যে আসতেই ব্যাপক শোরগোল শুরু হয়েছে। তৃণমূলের রাজগঞ্জ ব্লক সভাপতি অরিন্দম বন্দ্যোপাধ্যায় বলেন, “বিজেপি বরাবরই মানুষকে ভুল বোঝাতে ব্যস্ত। তবে এটাই প্রমাণ যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি প্রকল্পে দলাদলি করেন না। বিজেপি কর্মীরাও সেই সুবিধা পাচ্ছেন।” তিনি আরও দাবি করেন, এই ভিডিও মানুষকে প্রভাবিত করতে পারবে না, তৃণমূলই ক্ষমতায় ফিরবে।’

