ভোটের টিকিট না-পেয়ে ক্ষুব্ধ রিঙ্কু, সল্টলেকের বিজেপি দফতরে হাজির দিলীপ–জায়া

কলকাতা: ভোটের টিকিট না-পেয়ে ক্ষুব্ধ, সল্টলেকের বিজেপি দফতরে হাজির দিলীপ–জায়া রিঙ্কু মজুমদার। প্রার্থীর বিরুদ্ধে আনলেন দুর্নীতির অভিযোগও।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে প্রার্থী হতে চেয়েছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু। রাজারহাট–নিউটাউন কেন্দ্র থেকে লড়ার ইচ্ছা প্রকাশ করে তিনি নিজের বায়োডেটাও জমা দিয়েছিলেন। কিন্তু বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকায় তাঁর নাম না থাকায় ক্ষোভে ফেটে পড়েন রিঙ্কু। শুক্রবার তিনি সরাসরি হাজির হন সল্টলেকের বিজেপি দফতরে।

সাংবাদিকদের সামনে রিঙ্কু জানান, “আমি দীর্ঘদিনের কর্মী। রাজারহাট–নিউটাউন এলাকার ভোটার। আমি সেখান থেকে প্রার্থী হতে চাই। কিন্তু যাঁকে প্রার্থী করা হয়েছে, তাঁর বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ রয়েছে।” রিঙ্কু আরও বলেন, “পার্টির কাছে আবেদন জানিয়েছি। নেতৃত্বের তরফে বলা হয়েছে দিলীপকে জেতাতে কাজ করুন। আমি বলেছি, দিলীপের যা ক্ষমতা আছে, তাতে আমার সহযোগিতা প্রয়োজন নেই। পরিবারতন্ত্রের প্রবণতা দেখা যাচ্ছে, অধিকারী পরিবার, সিং পরিবার, একাধিক টিকিট পেয়েছে। নিয়ম সকলের জন্য এক হওয়া উচিত।” যদিও তিনি জানিয়েছেন, দিলীপ ঘোষের হয়ে খড়্গপুরে প্রচারে যাবেন।

About The Author