ভোটের আগে বাংলায় বিজেপির রথযাত্রা, কোচবিহারে থাকবেন প্রধানমন্ত্রী, শেষ জনসভা ব্রিগেডে

কলকাতা: বিধানসভা ভোটের আগে ফের রাজ্যজুড়ে রথযাত্রা শুরু করতে চলেছে বিজেপি। পোশাকি নাম দেওয়া হয়েছে ‘পরিবর্তন যাত্রা’। আগামী ১ মার্চ থেকে রাজ্যের ৯ জেলার ৯ জায়গা থেকে রথযাত্রা শুরু হবে। প্রতিটি রথ রাজ্যের বিভিন্ন প্রান্ত ঘুরে কলকাতার ব্রিগেডে পৌঁছবে।

সূত্রের খবর, ৫ বা ৬ মার্চ কোচবিহারের রথযাত্রায় যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তাঁর একটি জনসভা করারও কথা রয়েছে। এরপর মাঝ-মার্চে ব্রিগেডে বিজেপির মহাসভা হবে, যেখানে প্রধান বক্তা থাকবেন প্রধানমন্ত্রী। সম্ভাব্য তারিখ ১৩, ১৪ বা ১৫ মার্চ।

বিজেপি সূত্রে জানা গেছে, কোচবিহার, ইসলামপুর, হাসন, কুলটি, কৃষ্ণনগর, সন্দেশখালি, রায়দিঘি, আমতা ও গড়বেতা থেকে রথযাত্রা শুরু হবে। রাজ্যের মোট ২৯৪টি বিধানসভা কেন্দ্রই ছুঁয়ে যাবে এই রথযাত্রা। উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, নীতীন গড়করি, জে পি নাড্ডা-সহ একাধিক কেন্দ্রীয় নেতা উপস্থিত থাকতে পারেন।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “এটা রথযাত্রা নয়, পরিবর্তন যাত্রা। সর্বজনীন রূপে হবে। যেমন অন্য রাজ্যে হয়, তেমনই এখানে হবে।” তৃণমূল অবশ্য এই কর্মসূচিকে গুরুত্ব দিতে নারাজ। তবে ভোটমুখী বাংলায় বিজেপির এই রথযাত্রা যে রাজনৈতিক উত্তেজনা বাড়াবে, তা স্পষ্ট।

About The Author