রাজগঞ্জে বিজেপির প্রার্থী হলেন পাহাড়পুরের দীনেশ সরকার। ২০১৬ থেকে বিজেপি করছেন, আগে ছিলেন তৃণমূলের সদস্য।
জলপাইগুড়ি: অবশেষে রাজগঞ্জে প্রার্থী ঘোষণা করল বিজেপি। পাহাড়পুরের বাসিন্দা দীনেশ সরকার ওরফে হারাধন সরকারকে টিকিট দিল দল। দলীয় সূত্রে খবর, আগে তৃণমূলে সক্রিয় সদস্য থাকার পর ২০১৬ সালে তিনি বিজেপিতে যোগ দেন। এরপর থেকেই জলপাইগুড়ি জেলার রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন।
বিজেপিতে যোগ দেওয়ার পর দীনেশ সরকার জেলা বিজেপির এসসি মোর্চার সভাপতির দায়িত্ব সামলেছেন। পাশাপাশি তিনি বর্তমানে জলপাইগুড়ি জেলা কমিটির সদস্য এবং ফালাকাটা বিধানসভার দলীয় ইনচার্জ হিসেবেও কাজ করেছেন। এবার রাজগঞ্জে তাঁকে প্রার্থী করে বিজেপি স্পষ্ট বার্তা দিল, সংগঠনে দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগাতে চাইছে দল। দলের সঙ্গে উনার সম্পর্ক ভালো।
দলের নেতাদের মতে, আমাদের প্রার্থী পদ্ম ফুল। এই প্রতীকে যেই আসুক, তাঁকেই ভোট দেবে জনগণ। এবারে রাজগঞ্জ বিজেপির দখলেই যাচ্ছে, আত্মবিশ্বাসী মন্তব্য জেলা কমিটির আরেক সদস্য দেবাশীষ দে’র। তবে রাজগঞ্জের মধ্যে কাউকে প্রার্থী না করায় দলের অন্দরেই ক্ষোভ প্রকাশ করতেও দেখা যাচ্ছে কর্মীদের একাংশের। তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মণের বিরুদ্ধে রাজবংশী প্রার্থী চাইছিলেন বিজেপির একাংশ। রাজনৈতিক মহলে এই প্রার্থী ঘোষণাকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ, রাজগঞ্জে তৃণমূলের ভেতরে অন্দরের টানাপোড়েন আগেই প্রকাশ্যে এসেছে। এখন দেখার আগামীদিনে কোন নতুন ছবি ধরা পড়ে।

