বাংলা এখন পাঁচালিময়! তৃণমূলের বিরুদ্ধে ‘চোরেদের পাঁচালি’ শুরু করল বিজেপি

কলকাতা: ‘উন্নয়নের পাঁচালি’ বনাম ‘চোরেদের পাঁচালি’! রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক লড়াই আরও তীব্র হচ্ছে। তৃণমূল কংগ্রেসের ‘উন্নয়নের পাঁচালি’ প্রচারের পাল্টা হিসেবে বিজেপি শুরু করল ‘চোরেদের পাঁচালি’ কর্মসূচি।

শনিবার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, আগামী কয়েক মাস ধরে জেলার বিভিন্ন এলাকায় ট্যাবলো ও জনসভা করে তৃণমূল সরকারের কথিত দুর্নীতি ও অপকর্ম তুলে ধরা হবে। তাঁর দাবি, তৃণমূলের প্রচার আসলে মিথ্যা তথ্য ছড়াচ্ছে এবং কেন্দ্রীয় সরকার ও বিরোধী দলকে বদনাম করছে। তাই বিজেপির দায়িত্ব হলো “প্রকৃত সত্য” মানুষের সামনে আনা।

শুভেন্দুর বক্তব্যে তিনি আরও অভিযোগ করেন, নন্দীগ্রামে হিন্দু সম্প্রদায় শাসক দলের মদতে তথাকথিত জিহাদিদের ভয়ে দিন কাটাচ্ছেন। তিনি বলেন, “হিন্দুরা একজোট না হলে কী পরিণতি হয়, তা বাংলাদেশেই দেখা যাচ্ছে।”

তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এই প্রচারকে বিপজ্জনক মেরুকরণের রাজনীতি বলে কড়া সমালোচনা করেছেন। তাঁর দাবি, বিজেপি বাংলাদেশ প্রসঙ্গ টেনে এনে বাংলায় সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করতে চাইছে।

About The Author