মালদা: ‘সারাবছর দেখা যায় না, ভোটের সময়…’ প্রচারে গিয়ে মাঠে নেমে আলু তুললেন বিজেপি প্রার্থী গোপাল সাহা। তারপরই জোর কটাক্ষ তৃণমূলের। অভিযোগ, ভোটের আগে নাটক করে জনসংযোগের চেষ্টা।
মালদার মহিষবাথানি এলাকায় প্রচারে বেরিয়ে মাঠে নেমে আলু তুললেন বিজেপি প্রার্থী গোপাল সাহা। বৃষ্টিতে প্রায় বারো হাজার হেক্টর জমি জলে তলিয়ে যাওয়ায় কৃষকরা মাথায় হাত দিয়ে বসেছেন। আলুর দাম না পেয়ে তারা বাধ্য হয়ে জলে ডুবে থাকা আলু তুলছেন।
এই পরিস্থিতিতে প্রার্থী নিজে কাদা জলে নেমে কৃষকদের কাজে হাত লাগান এবং রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়ান। তাঁর অভিযোগ, বর্তমান সরকার কৃষক বিরোধী।
তৃণমূল অবশ্য পাল্টা আক্রমণ করেছে। তাদের দাবি, সারাবছর দেখা যায় না, ভোটের আগে ছবি তোলার জন্যই মাঠে নেমেছেন বিজেপি প্রার্থী। ফলে ঘটনাটি নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে।

