দীপু দাসের পরিবারকে মাসিক আর্থিক সহায়তার ঘোষণা বিজেপির, জানালেন শুভেন্দু অধিকারী

কলকাতা: বাংলাদেশে নিহত সনাতনী যুবক দীপু চন্দ্র দাসের পরিবারকে মাসিক আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার কলকাতায় সাংবাদিক বৈঠকে তিনি জানান, রাজ্য বিজেপির পক্ষ থেকে দীপু দাসের স্ত্রী ও বাবা-মাকে নিয়মিত অর্থ সাহায্য পাঠানো হবে।

শুভেন্দু বলেন, “দীপু দাসের পরিবারের সঙ্গে আমার যোগাযোগ হয়েছে। আগামীকাল তাঁদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলব। রাজ্য বিজেপির তরফে প্রতি মাসে তাঁর পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে।” তিনি আরও জানান, অনেক ভুয়া পেটিএম নম্বর ঘুরে বেড়াচ্ছে, তাই সাহায্য করতে চাইলে পরিবারের পক্ষ থেকে দেওয়া আসল নম্বরই ব্যবহার করতে হবে।

বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাসকে পিটিয়ে হত্যা ও দেহ পুড়িয়ে দেওয়ার ঘটনায় ইতিমধ্যেই দেশজুড়ে ক্ষোভ ছড়িয়েছে। বাংলাদেশের র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) জানিয়েছে, এই ঘটনায় মোট ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।

শুভেন্দু অধিকারী বলেন, “আমি সারা বিশ্বের হিন্দুদের কাছে তাঁদের পাশে দাঁড়ানোর আবেদন জানাব।” তাঁর এই ঘোষণায় রাজনৈতিক মহলে আলোড়ন পড়েছে। বিজেপির এই পদক্ষেপকে অনেকেই প্রতীকী সমর্থন হিসেবে দেখছেন, যা প্রতিবেশী দেশের সংখ্যালঘুদের উপর হামলার ঘটনায় ভারতের রাজনৈতিক প্রতিক্রিয়াকে আরও স্পষ্ট করে তুলল।

About The Author