তৃণমূলে যোগ দিলেন কার্শিয়াংয়ের BJP বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা, পাহাড়ের রাজনীতিতে বড়সড়ো চমক

কলকাতা: ভোটের মুখে কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা তৃণমূলে যোগ দিলেন। পাহাড়ের রাজনীতিতে ফের শক্তিবৃদ্ধি করল তৃণমূল কংগ্রেস।

দার্জিলিঙের কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা বৃহস্পতিবার তৃণমূল ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী ব্রাত্য বসু এবং শশী পাঁজা।

২০২১ সালের বিধানসভা নির্বাচনে পাহাড়ের তিনটি আসনেই তৃণমূল ধরাশায়ী হয়েছিল। তবে লোকসভা নির্বাচনের পর থেকে পাহাড়ে রাজনৈতিক সমীকরণ বদলাতে শুরু করে। দীর্ঘদিন ধরেই পৃথক উত্তরবঙ্গ বা কেন্দ্রশাসিত অঞ্চলের দাবিতে সরব ছিলেন বিষ্ণুপ্রসাদ শর্মা। এ নিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে তাঁর মতপার্থক্য তৈরি হয়েছিল।

বিজেপি নেতৃত্ব অবশ্য এই দলবদলকে গুরুত্ব দিতে নারাজ। তাঁদের দাবি, শর্মা দীর্ঘদিন ধরেই দলের সঙ্গে কোনও যোগাযোগ রাখেননি এবং গোর্খা জনজাতির মধ্যেও তাঁর প্রভাব সীমিত। ফলে তাঁর দলত্যাগে সাংগঠনিকভাবে বিজেপির ক্ষতি হবে না।

তবে রাজনৈতিক মহলের মতে, পাহাড় সমস্যার রাজনৈতিক সমাধান এবং গোর্খা জনজাতির তপশিলি উপজাতি স্বীকৃতি নিয়ে বিজেপির প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় এই দলবদল বিজেপির অস্বস্তি বাড়াবে। অন্যদিকে, কট্টর গোর্খাল্যান্ড সমর্থক শর্মা তৃণমূলের মতো গোর্খাল্যান্ড বিরোধী দলে গিয়ে কতটা মানিয়ে নিতে পারবেন, তা সময়ই বলবে।

About The Author