নয়াদিল্লি: বাংলাদেশে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামী ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন। ঢাকার সংসদ ভবনের সাউদার্ন প্লাজায় আয়োজিত এই ঐতিহাসিক অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।
তবে সূত্রের খবর, মোদী ওই দিন মুম্বইয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে পূর্বনির্ধারিত কর্মসূচিতে ব্যস্ত থাকায় অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না। ভারতের পক্ষ থেকে অনুষ্ঠানে যোগ দিতে পারেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর অথবা উপ-রাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন।
বিএনপি সূত্রে জানা গেছে, ওই দিন সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের পর তারেক রহমান ও তাঁর মন্ত্রিসভা শপথ নেবেন। শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। বিএনপি এই দিনটিকে “বাংলাদেশের জন্য ঐতিহাসিক মুহূর্ত” বলে বর্ণনা করেছে।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ইতিমধ্যেই ভারত, চীন, সৌদি আরব, পাকিস্তান, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনেই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও ভুটানসহ ১৩টি দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ জানিয়েছেন। দক্ষিণ এশিয়ার আঞ্চলিক রাজনীতিতে এই শপথ অনুষ্ঠানকে গুরুত্বপূর্ণ কূটনৈতিক মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, ভারতের অংশগ্রহণের মাত্রা ও বার্তা আগামী দিনে ভারত–বাংলাদেশ সম্পর্কের গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অতীতে বিএনপি সরকারের সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক জটিল ছিল, তবে এবার দলীয় নেতারা আঞ্চলিক সহযোগিতা, বাণিজ্য ও স্থিতিশীলতার ওপর জোর দিচ্ছেন।

