ঢাকা: বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ছাত্র আন্দোলনের অন্যতম মুখ সারজিস আলম ও তাসনিম জারা পরাজিত হয়েছেন। বিএনপি প্রার্থীদের কাছে হেরে গেছেন তাঁরা, ভোটবাক্সে কাজে আসেনি ভারতবিরোধী অবস্থান। শেখ হাসিনা সরকারের পতনের পেছনে যে ছাত্র আন্দোলন বড় ভূমিকা নিয়েছিল, সেই আন্দোলনের পরিচিত মুখ সারজিস আলম, নাসিরুদ্দিন পাটোয়ারী, তাসনিম জারা ও ব্যারিস্টার ফুয়াদ, এঁরা কেউই জয় পাননি।
পঞ্চগড়–১ আসনে এনসিপি নেতা সারজিস আলম শাপলা কলি প্রতীকে লড়াই করে হেরে যান বিএনপির প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমিরের কাছে। নওশাদ জমির পেয়েছেন ১,৭৬,১৬৯ ভোট, আর সারজিস আলম পেয়েছেন ১,৬৮,০৪৯ ভোট। পরাজয় মেনে নিয়ে বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানিয়েছেন সারজিস।
ঢাকা–৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীকে লড়াই করেন চিকিৎসক ও গবেষক তাসনিম জারা। তিনি পেয়েছেন ৪৪,৬৮৪ ভোট। বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ ধানের শীষ প্রতীকে ১,১১,২১২ ভোট পেয়ে বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন। অর্থাৎ তাসনিম জারা প্রায় ৬৬ হাজার ভোটে পরাজিত হয়েছেন।
বিশ্লেষকদের মতে, ছাত্র আন্দোলনের এই নেতারা মুক্তিযুদ্ধ অস্বীকার এবং কট্টর ভারতবিরোধী অবস্থান নিয়েছিলেন। কিন্তু ভোটবাক্সে সেই অবস্থান কাজে আসেনি। বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধকে অস্বীকার ও প্রতিবেশী ভারতের বিরোধিতা ভালোভাবে নেয়নি। ফলে পরিবর্তনের বাংলাদেশে তাঁদের জয় পাওয়া সম্ভব হয়নি।
বিএনপি বিপুল আসন জিতে সরকার গঠনের পথে এগোচ্ছে। আর ছাত্র আন্দোলনের মুখরা এই নির্বাচনে ব্যর্থ হওয়ায় রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন সমীকরণ তৈরি হয়েছে।

