ঢাকা: বাংলাদেশে ৩৫ বছর পর একজন পুরুষ প্রধানমন্ত্রী হতে চলেছেন। বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় আগামী সপ্তাহে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন খালেদা জিয়ার পুত্র তারেক রহমান। একইসঙ্গে গণভোটে ‘হ্যাঁ’ ভোটে জয়, সাংবিধানিক সংস্কারের পথে বাংলাদেশ।
বাংলাদেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে আড়াই দশক পর সরকার গঠন করতে চলেছে বিএনপি। শুক্রবার সকাল পর্যন্ত প্রাপ্ত ফলাফলে দেখা যাচ্ছে, বিএনপি জোট ২১২টি আসনে জয়লাভ করেছে। সরকার গঠনের জন্য প্রয়োজন ছিল ১৫১ আসন। ফলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে চলেছে বিএনপি। এর ফলে ৩৫ বছর পর বাংলাদেশে একজন পুরুষ প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। আগামী সপ্তাহে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন বিএনপি চেয়ারম্যান ও প্রয়াত খালেদা জিয়ার পুত্র তারেক রহমান।
অন্যদিকে জামায়াতে ইসলামী জোট পেয়েছে ৭০টি আসন। অন্যান্য দল জয়ী হয়েছে মাত্র ছয়টি আসনে। নির্বাচন কমিশন এখনও পর্যন্ত সরকারিভাবে অধিকাংশ কেন্দ্রের ফলাফল ঘোষণা করেনি। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, রিটার্নিং অফিসাররা লিখিতভাবে ফলাফল জমা দেওয়ার পরেই কমিশন চূড়ান্ত ফলাফল ঘোষণা করবে।
এই নির্বাচনের পাশাপাশি দেশজুড়ে গণভোটও অনুষ্ঠিত হয়েছে। গণভোটে বিপুল ব্যবধানে জয় পেয়েছে ‘হ্যাঁ’ ভোট। অর্থাৎ বাংলাদেশের মানুষ সংবিধান, প্রশাসন ও বিচার ব্যবস্থায় ব্যাপক সংস্কারের পক্ষে মত দিয়েছেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ‘হ্যাঁ’ ভোটে সায় দিয়েছেন প্রায় ২০ লাখ ৫০ হাজারের বেশি ভোটার, আর ‘না’ ভোটে সায় দিয়েছেন প্রায় ৮ লাখ ৭০ হাজার ভোটার। তবে এই সংস্কার কার্যকর হবে কিনা তা নির্ভর করবে নতুন সংসদ ও ক্ষমতাসীন সরকারের সিদ্ধান্তের ওপর।
বিএনপি তাদের প্রত্যাশা মতো নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় সরকার গঠন নিয়ে আর কোনও অনিশ্চয়তা নেই। ভোটের আগে জাতীয় সরকার গঠনের সম্ভাবনা নিয়ে জল্পনা থাকলেও তারেক রহমান নিজেই তা খারিজ করেছিলেন। তিনি ঢাকার ও বগুড়ার দুটি আসনেই জয়ী হয়েছেন।
বাংলাদেশে শেষবার পুরুষ প্রধানমন্ত্রী ছিলেন কাজী জাফর আহমেদ, ১৯৮৮ সালে। এরপর থেকে দেশটির প্রধানমন্ত্রী ছিলেন খালেদা জিয়া ও শেখ হাসিনা। এবার দীর্ঘ বিরতির পর আবারও একজন পুরুষ প্রধানমন্ত্রী হতে চলেছেন, যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তাৎপর্যপূর্ণ পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।

