ঢাকা: দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেই বাংলাদেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে জোড়া আসনে জয় পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দাবি করেছে বিএনপি। দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান বৃহস্পতিবার রাতে জানান, ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে বেসরকারিভাবে জয় পেয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচন কমিশন শুক্রবার আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করবে।
এদিন সকাল সাড়ে ৭টা থেকে সারাদেশের মোট ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয় এবং বিরতিহীনভাবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলে। সংসদীয় আসনের নির্বাচনের পাশাপাশি একই দিনে দেশজুড়ে গুরুত্বপূর্ণ গণভোটও অনুষ্ঠিত হয়েছে। বর্তমানে সারাদেশ থেকে কেন্দ্রভিত্তিক ফলাফল ঘোষণার প্রক্রিয়া চলছে।
বিএনপির দাবি অনুযায়ী, তারেক রহমানের এই জয় তাঁদের রাজনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করবে। অন্যদিকে নির্বাচন কমিশন জানিয়েছে, আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ করা হবে শুক্রবার। তাই সরকার গঠনের বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।
অন্যদিকে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভোটের হার নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর অভিযোগ, জনগণ এই ভোট বয়কট করেছেন এবং এটি একটি পরিকল্পিত প্রহসন। তিনি দাবি করেছেন, ভোটকেন্দ্র দখল, গুলি, অর্থবিলি ও ব্যালট চুরির ঘটনা ঘটেছে। তাঁর বক্তব্য অনুযায়ী, সকাল ১১টা পর্যন্ত ভোটার উপস্থিতি ছিল মাত্র ১৪.৯৬ শতাংশ, যা প্রমাণ করে জনগণ আওয়ামী লীগ ছাড়া নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে।
বাংলাদেশে এবারের ভোটে মোট ২৯৯টি আসনে ভোটগ্রহণ হয়েছে, একটি আসনে প্রার্থীর মৃত্যুর কারণে ভোট স্থগিত রাখা হয়েছে। প্রায় ১২.৭ কোটি ভোটারের মধ্যে ৫০ লক্ষ প্রথমবারের ভোটার ছিলেন। নির্বাচন কমিশন শুক্রবার আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করবে।

