‘ভোট আছে, গাড়ি চাই’, পুলিশের ‘রিক্যুশিজন’-এ পুলিশকেই আইনি হুঁশিয়ারি অরিত্রর

কলকাতা: ‘ভোট আছে, গাড়ি চাই’, রাস্তার পাশে গাড়ি থামিয়ে ‘রিক্যুইজিশন স্লিপ’ ধরিয়ে দিতেই জোর প্রতিবাদ অভিনেতা অরিত্রর। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও।

অভিনেতা অরিত্র দত্ত বণিকের সঙ্গে পুলিশের বচসা ঘিরে চাঞ্চল্য। সোমবার সকালে শুটিংয়ে যাওয়ার পথে ডানলপ রথতলা মোড়ে তাঁকে ট্রাফিক পুলিশ থামায়। অভিযোগ, আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য ব্যক্তিগত গাড়ি রিক্যুইজিশন করতে চায় পুলিশ। অরিত্রর দাবি, বিনা অনুমতিতে ব্যক্তিগত গাড়ি নেওয়া আইনবিরোধী।

তিনি জানান, প্রথমে জোর করে গাড়ি দাঁড় করিয়ে রিক্যুইজিশন স্লিপ ধরিয়ে দেওয়া হয়। পরে আইনি যুক্তি দেখানোর পর তাঁর গাড়ি নিতে পারেনি ট্রাফিক গার্ড। অরিত্রর শেয়ার করা ভিডিও দ্রুত ভাইরাল হয় এবং কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে।

অরিত্রর বক্তব্য অনুযায়ী, ব্যক্তিগত গাড়ি কোনওভাবেই ট্রান্সপোর্ট ভেহিকেল নয়। মোটর ভেহিকেল অ্যাক্ট অনুযায়ী ব্যক্তিগত গাড়ি ভাড়ার কাজে ব্যবহার করা নিষিদ্ধ। আরপি অ্যাক্টের সেকশন ১৬০ (২) অনুযায়ী জেলা নির্বাচন আধিকারিকের লিখিত নির্দেশ ছাড়া ব্যক্তিগত গাড়ি নেওয়া যায় না। আদর্শ আচরণবিধি অনুযায়ী রিক্যুইজিশন অর্ডার রেজিস্টার্ড পোস্টে বা ব্যক্তিগতভাবে পৌঁছে দিতে হয়, রাস্তায় দাঁড় করিয়ে নয়।

এই ঘটনার পর পুলিশের আচরণকে অনেকেই সমালোচনা করেছেন। অরিত্রর বার্তা— সতর্ক হোন, এসব জোরজুলুম প্রতিরোধ করুন।

About The Author