কলকাতা: বলিউডের রোমান্টিক গানের প্রতীক হয়ে উঠেছিলেন তিনি। “তুম হি হো” থেকে “চল্লেয়া”—প্রতিটি গানই কোটি কোটি শ্রোতার হৃদয়ে জায়গা করে নিয়েছিল। সেই অরিজিত সিং হঠাৎই জানালেন, আর প্লেব্যাক করবেন না। ভক্তদের কাছে যেন বজ্রাঘাতের মতো নেমে এল এই ঘোষণা।
মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অরিজিত লিখেছেন, “নতুন বছরের শুভেচ্ছা সকলকে। এত বছর ধরে শ্রোতা হিসাবে যে ভালবাসা পেয়েছি, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তবে আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, এ বার থেকে আমি আর প্লেব্যাক গায়ক হিসাবে কোনও কাজ করব না।”
তাঁর এই আকস্মিক সিদ্ধান্তে হতবাক সংগীতপ্রেমীরা। কেউ মনে করছেন, হয়তো গলার বিশ্রামের জন্য সাময়িক বিরতি নিচ্ছেন তিনি। আবার কারও মতে, এটি হয়তো নতুন কোনও অ্যালবামের প্রচারের অংশ। তবে গায়ক নিজে এ বিষয়ে স্পষ্ট কিছু জানাননি।
গত এক দশকে বলিউডে অরিজিত মানেই ছিল সুপারহিট গানের গ্যারান্টি। তাঁর অবসরের ঘোষণায় বিপাকে পড়েছেন সংগীত পরিচালকরা। ভক্তরা সোশ্যাল মিডিয়ায় লিখছেন, “আপনার গান ছাড়া আমাদের দিন কাটে না।”

