আনন্দপুরে অগ্নিকাণ্ডে ২৩ মৃত্যু, ১৬৩ ধারা জারি! ঘটনাস্থলে পৌঁছলেন শুভেন্দু অধিকারী

কলকাতা: আনন্দপুরের ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৩। মঙ্গলবার রাত থেকে বুধবার পর্যন্ত উদ্ধারকাজ চলার পর একাধিক দেহাংশ পাওয়া যায়। সরকারি হিসাবে এখনও পর্যন্ত ২৩ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন ভারতীয় দণ্ডবিধির ১৬৩ ধারা জারি করেছে। এর ফলে এলাকায় বড় জমায়েত বা মিছিলের উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্তের স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এদিকে, ঘটনাস্থলে পৌঁছেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি মৃতদের পরিবারের সঙ্গে দেখা করেন এবং রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। শুভেন্দুর দাবি, প্রশাসনিক গাফিলতির কারণেই এত বড় দুর্ঘটনা ঘটেছে। তাঁর অভিযোগ, সরকারি আধিকারিকেরা স্বজনদের সঙ্গে কথা বলেননি। শুভেন্দুর কটাক্ষ, ‘হিন্দুরা জ্ব/ল/ছে তাই আসেননি, রোহিঙ্গা হলে আসতেন’।

প্রসঙ্গত, রবিবার ভোর রাতে আগুনে পুড়ে যায় আনন্দপুরের বহুতল আবাসন। দমকলের ১৬টি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় কাজ করে দেড় দিন পর আগুন নিয়ন্ত্রণে আনে। রাজ্য সরকার ইতিমধ্যেই মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, পরিবারের একজন করে সদস্যকে সিভিক ভলান্টিয়ারের চাকরি দেওয়া হবে।

About The Author