‘৮৫ মিনিট ভাট বকে কাটালেন’, বাজেটকে কটাক্ষ অভিষেকের

নয়াদিল্লি: রবিবার সংসদে কেন্দ্রীয় বাজেট পেশ হওয়ার পরই ভোটমুখী বাংলায় রাজনৈতিক তরঙ্গ তৈরি হয়েছে। বাজেটকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় সরকারকে। তাঁর অভিযোগ, বাজেটে বাংলার জন্য কোনও বিশেষ বরাদ্দ নেই, বরং বাঙালিকে বঞ্চনা করা হয়েছে।

অভিষেক বলেন, “বাংলার জন্য কিছু নেই ৮৫ মিনিটের বাজেটে। কৃষক, মৎস্যজীবী, যুবক—কারও জন্য কোনও সমাধান নেই। চাকরির কোনও রোডম্যাপ নেই। এটা মিশনলেস-ভিশনলেস-বেসলেস বাজেট।” তিনি আরও দাবি করেন, বাংলার মানুষকে বারবার উপেক্ষা করা হচ্ছে এবং কেন্দ্রীয় নেতৃত্ব তাঁদের বাংলাদেশি বলে মনে করে।

তৃণমূল সাংসদের বক্তব্যে স্পষ্ট, তিনি বাঙালি অস্মিতার ইস্যুকে হাতিয়ার করে কেন্দ্রকে আক্রমণ করছেন। অন্যদিকে, বিজেপি নেতা তাপস রায় পাল্টা বলেন, “এটা উন্নয়নমুখী বাজেট। বাংলার ১০ কোটি মানুষ ভারতের অন্যান্য রাজ্যের মতোই সুবিধা পাবেন। ডবল ইঞ্জিন সরকার হলে সমস্ত ধার দেনা মকুব হবে।” রাজনৈতিক মহল মনে করছে, বাজেট-পরবর্তী এই তর্ক আসন্ন নির্বাচনের আগে কেন্দ্র বনাম রাজ্যের দ্বন্দ্বকে আরও প্রকট করে তুলল।

About The Author