কলকাতা: “কোনও দিন মৃত মানুষকে র্যাম্পে হাঁটতে দেখেছেন? বাংলার মানুষ দেখতে পাচ্ছেন, কিন্তু নির্বাচন কমিশন দেখতে পাচ্ছে না।” বারুইপুরে তৃণমূল কংগ্রেসের সভায় অভিনব কৌশল নিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এদিন দক্ষিণ চব্বিশ পরগনায় বারুইপুরে তৃণমূল সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় র্যাম্পে হাঁটালেন তিনজনকে, যাঁদের ভোটার তালিকায় মৃত দেখানো হয়েছে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে তৃণমূলের তীব্র অভিযোগ। অভিষেকের সভায় মূল মঞ্চের সঙ্গে তৈরি হয়েছিল একটি লম্বা র্যাম্প। সভায় বক্তব্য রাখতে গিয়ে অভিষেক জানান, এই র্যাম্প তৈরি করা হয়েছে তিনজন ‘ভূত’কে হাঁটানোর জন্য।
এরপর তিনি দুই পুরুষ ও এক মহিলাকে র্যাম্পে নিয়ে আসেন। অভিষেকের দাবি, এসআইআর-এর খসড়া ভোটার তালিকায় এই তিনজনকে মৃত বলে দেখানো হয়েছে। অথচ তাঁরা জীবিত। ফলে তাঁদের নাম বাদ পড়েছে ভোটার তালিকা থেকে। অভিষেক বলেন, “কোনও দিন মৃত মানুষকে র্যাম্পে হাঁটতে দেখেছেন? বাংলার মানুষ দেখতে পাচ্ছেন, কিন্তু নির্বাচন কমিশন দেখতে পাচ্ছে না।”
তৃণমূলের অভিযোগ, শুধু দক্ষিণ চব্বিশ পরগনাতেই অন্তত ২৪ জন জীবিত ভোটারকে মৃত বলে দেখানো হয়েছে। বারুইপুরের সভায় হাজির তিনজনের মধ্যে মণিরুল মোল্লা ও মায়া দাস মেটিয়াবুরুজের বাসিন্দা, আর হরেকৃষ্ণ গিরি কাকদ্বীপের নামখানা এলাকার বাসিন্দা।
অভিষেকের এই পদক্ষেপে সভায় উপস্থিত কর্মী-সমর্থকদের মধ্যে তীব্র আলোড়ন সৃষ্টি হয়। রাজনৈতিক মহল মনে করছে, ভোটার তালিকা নিয়ে কমিশনের বিরুদ্ধে তৃণমূলের আক্রমণাত্মক অবস্থানকে আরও জোরালো করতেই এই প্রতীকী র্যাম্প হাঁটানো।

