কলকাতা: অমিত শাহকে ‘সবচেয়ে ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী’ আখ্যা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্বাধীনতার পরে সব থেকে ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী যদি কেউ থাকেন, তিনি অমিত শাহ, মন্তব্য অভিষেকের। পাশাপাশি অপরাজিতা বিল পাশ না হওয়ায় বিজেপিকে কড়া আক্রমণ তৃণমূল সাংসদের।
শনিবার বাংলা সফরে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজা অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “অমিত শাহ স্বাধীনতার পর ভারতের সবচেয়ে ব্যর্থ এবং ম্লান স্বরাষ্ট্রমন্ত্রী।”
অভিষেকের অভিযোগ, বিজেপি নেতৃত্ব বারবার পশ্চিমবঙ্গে আসেন শুধুমাত্র নির্বাচনী লাভের আশায়। কিন্তু সাধারণ মানুষের প্রকৃত সমস্যার সমাধানে কোনও পদক্ষেপ নেন না।
রাজ্যে আরজি কর কাণ্ড নিয়ে বার বার সুর চড়িয়েছে বিজেপি। শাসক দলকে আক্রমণ করেছে। সেই প্রসঙ্গে বিজেপির বিরুদ্ধে পাল্টা তোপ দাগেন অভিষেক। অভিষেক বলেন, আমরা মন্ত্রী সভা থেকে অপরাজিতা বিল পাশ করিয়ে রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছিলাম, কিন্তু তাঁরা সেটাকে পাশ করেনি। কেন? কারণ সব ধর্ষকগুলো বিজেপিতে। এদিন অভিষেক স্পষ্ট ভাবেই বলেন, এরপরও বাংলায় ‘তৃণমূলকে হারানো যাবে না। ২০২৪ সালের নির্বাচনের ফলাফলই তার প্রমাণ।’

