হানিমুনে ‌বার্বিকিউয়ের আগুনে ঝলসে গিয়েছিলেন, ২ মাস পর মৃত্যু নববধূ নিকিতার

শিলিগুড়ি: বিয়ের পর হানিমুনে গিয়েছিলেন, সিটংয়ের হোমস্টেতে বার্বি‌কিউয়ের আগুনে ঝলসে যান নববধূ। ভয়ঙ্কর সেই ঘটনার দু’মাস পর নববধূ নিকিতা সাহার মৃত্যু হল।

মধুচন্দ্রিমায় দার্জিলিঙের সিটংয়ে বেড়াতে গিয়ে হোমস্টেতে বার্বিকিউয়ের আগুনে গুরুতরভাবে দগ্ধ হওয়া নববধূ নিকিতা সাহার অবশেষে মৃত্যু হলো। টানা দুই মাস ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পর বৃহস্পতিবার ভোরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উত্তর দিনাজপুরের চোপড়ার বাসিন্দা এই নববধূ।

দীর্ঘ প্রেমের সম্পর্কের পর সদ্য বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে স্বামী সমীর দাসের সঙ্গে গত সেপ্টেম্বরে সিটংয়ের একটি হোমস্টেতে গিয়েছিলেন নিকিতা। ১৩ সেপ্টেম্বর হোমস্টের বারান্দায় বসে থাকার সময় সামনে বার্বিকিউ তৈরির মুহূর্তে হঠাৎই দাউদাউ করে আগুন ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে ঝলসে যান তিনি। সিসিটিভি ফুটেজে বার্বিকিউতে দাহ্য কিছু ঢালার পরই আগুন ছড়িয়ে পড়ার দৃশ্য ধরা পড়ে। নিজের টি-শার্ট খুলে স্ত্রীর আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা করেন স্বামী সমীর দাস। তাঁর গুরুতর অভিযোগ, দুর্ঘটনার পর হোমস্টে কর্তৃপক্ষ কোনো সাহায্য করেনি এবং হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য গাড়ি পৌঁছতেও প্রায় ৪০ মিনিট দেরি হয়। প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে শিলিগুড়ি হয়ে কলকাতায় চিকিৎসা চললেও শেষরক্ষা হলো না।

About The Author