আবহাওয়া দফতর সূত্রে খবর, থাইল্যান্ড উপকূল সংলগ্ন একটি ঘূর্ণাবর্ত ইতিমধ্যেই আন্দামান সাগরে প্রবেশ করেছে। শুক্রবার থেকে শনিবারের মধ্যে এটি নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে মধ্য বঙ্গোপসাগরে শক্তি বাড়াবে।
মার্কিন আবহাওয়া মডেল GFS-এর পূর্বাভাস অনুযায়ী, ২৩ অক্টোবর নিম্নচাপ তৈরি হয়ে ২৫ অক্টোবর ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। সেক্ষেত্রে ২৭ অক্টোবর রাতের দিকে ওড়িশার ভুবনেশ্বর সংলগ্ন উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে ইউরোপীয় মডেল ECMWF-এর পূর্বাভাস বলছে, ২৪ অক্টোবর নিম্নচাপ তৈরি হয়ে ২৬ অক্টোবর ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। সেই ক্ষেত্রে ২৮ অক্টোবর অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া উপকূলের দিকে স্থলভাগে প্রবেশের সম্ভাবনা রয়েছে।
তবে ভারতীয় মৌসম ভবন এখনও পর্যন্ত ঘূর্ণিঝড়ের বিষয়ে চূড়ান্ত কোনও পূর্বাভাস দেয়নি। আপাতত শক্তিশালী নিম্নচাপের সম্ভাবনার কথাই বলা হয়েছে। আবহাওয়াবিদদের মতে, আগামী কয়েক দিনের গতিপ্রকৃতি পর্যবেক্ষণের পরই স্পষ্ট হবে এটি আদৌ ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না।
উল্লেখ্য, বঙ্গোপসাগরে এই সিস্টেম ঘূর্ণিঝড়ে পরিণত হলে তার নাম হবে ‘অর্ণব’। বাংলাদেশের দেওয়া এই নামের অর্থ ‘সমুদ্র’ বা ‘সাগর’। বাংলায় সরাসরি আঘাতের সম্ভাবনা এখনও নিশ্চিত না হলেও ভারী বৃষ্টি ও দমকা হাওয়ার প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
- পুজো মিটতেই দুরন্ত গতিতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ২৬ অক্টোবরের মধ্যে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে নিম্নচাপটি। উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওডিশা উপকূলের দিকে এর অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৭০-৮০ কিমি বেগে, দমকা হাওয়ায় ৯০ কিমি পর্যন্ত বাতাস বইতে পারে।

