আসানসোলে ভেঙে পড়ল নির্মীয়মাণ চিমনির অংশ, মৃত্যু ৪ শ্রমিকের

সপ্তমীর দিন মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন চার শ্রমিক। পশ্চিম বর্ধমানের আসানসোলের জামুড়িয়া এলাকায় অবস্থিত শ্যাম SEL অ্যান্ড পাওয়ার লিমিটেড-এর নির্মীয়মাণ একটি চিমনির অংশ ভেঙে পড়ে এই দুর্ঘটনা ঘটে।

শনিবার সন্ধ্যায় কারখানার ভিতরে নির্মাণকাজ চলাকালীন আচমকাই চিমনির একটি অংশ ধসে পড়ে। সেই সময় সেখানে বেশ কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। ধসের নীচে চাপা পড়েন চারজন।

জামুড়িয়ার বিধায়ক বিজন মুখোপাধ্যায় জানান, ধ্বংসস্তূপের নীচে আটকে পড়া চারজনকে উদ্ধার করা হয়। তাঁদের মধ্যে তিনজনকে মৃত অবস্থায় বের করা হয়। অপর একজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করে ভেন্টিলেশনে রাখা হলেও শেষ পর্যন্ত তাঁরও মৃত্যু হয়।

বিধায়কের দাবি, অন্য শ্রমিকরা কাঠামো ভেঙে পড়তে দেখে দ্রুত সরে যেতে সক্ষম হন বলেই বড়সড় প্রাণহানি এড়ানো গিয়েছে। তিনি ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করেছেন।

দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। নির্মাণ কাজে গাফিলতি ছিল কি না, সেই প্রশ্ন উঠলেও বিধায়কের বক্তব্য, সংশ্লিষ্ট সংস্থাটি অভিজ্ঞ এবং কর্মীরাও প্রশিক্ষিত ছিলেন। তাঁর মতে, সদ্য ঢালাই করা কংক্রিটের কাঠামোয় কোনও যান্ত্রিক বা কারিগরি ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। ঘটনার পর এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে। প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুর্ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।

About The Author