‘পদ্মভূষণ তো দেওয়াই উচিৎ’, বিতর্কের মধ্যেই জ্ঞানেশের গুনগান শমিকের

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পদ্মভূষণ সম্মান দেওয়ার দাবি তুললেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁর দাবি, পশ্চিমবঙ্গে অবাধ, শান্তিপূর্ণ ও স্বচ্ছ নির্বাচন পরিচালনা এবং ত্রুটিমুক্ত ভোটার তালিকা প্রস্তুত করার ক্ষেত্রে জ্ঞানেশ কুমারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

এক রাজনৈতিক কর্মসূচিতে শমীক বলেন, নির্বাচন প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য জ্ঞানেশ কুমারের অবদান জাতীয় স্তরে স্বীকৃতি পাওয়া উচিত। সেই কারণেই তাঁকে পদ্মভূষণ দেওয়ার দাবি জানানো হচ্ছে।

তবে এই মন্তব্যের জেরে নতুন রাজনৈতিক বিতর্কও শুরু হয়েছে। কারণ, একই সময়ে বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া-সহ নির্বাচন কমিশনের একাধিক সিদ্ধান্ত নিয়ে বিরোধী দলগুলি সরব। কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে বিভিন্ন রাজনৈতিক মহল।

ফলে একদিকে যখন বিজেপি নির্বাচন কমিশনের কাজের প্রশংসা করছে, অন্যদিকে বিরোধীরা সমালোচনায় সরব। সেই আবহেই জ্ঞানেশ কুমারকে পদ্মভূষণের দাবি ঘিরে নতুন রাজনৈতিক তরজা শুরু হয়েছে।

About The Author