তিস্তার স্রোতে ভেসে যাচ্ছিল সদ্যজাত শাবক, মায়ের কাছে ফেরালেন অজয়-বাবলুরা

মায়ের থেকে বিচ্ছিন্ন হয়ে তিস্তার স্রোতে ভেসে যাচ্ছিল মাত্র তিন থেকে চার দিনের একটি হাতিশাবক। অসহায় প্রাণীটিকে দেখতে পেয়েই নিজেদের নৌকা নিয়ে উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন স্থানীয় কয়েকজন মৎস্যজীবী। প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর অবশেষে শাবকটিকে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়।

গজলডোবা থেকে এল মন ভালো করা খবর। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, তিস্তা ব্যারেজের উজান থেকে ভেসে এসে নদীর স্রোতে আটকে পড়েছিল সদ্যজাত হাতিশাবকটি। খবর পেয়ে বৈকুণ্ঠপুর বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। উদ্ধার অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন স্থানীয় মৎস্যজীবী অজয় দাস, বাবলু দাস, গোপাল দাস, মিঠু দাস এবং বিশ্বনাথ দাস।

তাঁদের অভিজ্ঞতা বনকর্মীদের সহযোগিতায় শাবকটিকে নিরাপদে উদ্ধার করে গজলডোবার তিস্তার চরে নিয়ে যাওয়া হয়। সেখানে মায়ের সঙ্গে তার পুনর্মিলন ঘটানো হয়। বনদপ্তরের মতে, বন্যপ্রাণ সংরক্ষণের ক্ষেত্রে এই উদ্ধার অভিযান এক বিরল আবেগঘন অধ্যায় হয়ে থাকবে। স্থানীয়দের এই মানবিক উদ্যোগকে কুর্নিশ জানিয়েছে প্রশাসন।

 

About The Author