হানিমুনে গিয়ে ভয়াবহ বিপর্যয়, সিটং কাণ্ডে গ্রেপ্তার ৪

মধুচন্দ্রিমার আনন্দ মুহূর্তে পরিণত হল দুঃস্বপ্নে। দার্জিলিংয়ের সিটংয়ের একটি হোমস্টেতে বারবিকিউয়ের আগুনে দগ্ধ হয়ে জীবন-মৃত্যুর সঙ্গে লড়ছেন উত্তর দিনাজপুরের চোপড়ার বাসিন্দা নিকিতা সাহা। সেই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন জমির মালিক নেহাল আজরান, হোমস্টে দেখভালের দায়িত্বে থাকা পবন কুমার আগারওয়াল, কর্মী দিপেন লামা এবং শ্রমিক নাসির উদ্দিন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৩ সেপ্টেম্বর মধুচন্দ্রিমায় সিটংয়ে গিয়েছিলেন নবদম্পতি সৌভিক দাস ও নিকিতা সাহা। রাতে বারবিকিউয়ের আয়োজন করা হয়েছিল। অভিযোগ, আগুন জ্বালানোর সময় তারপিন তেলের বদলে কেরোসিন ঢেলে দেওয়ায় মুহূর্তের মধ্যে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। সামনেই বসে থাকা নিকিতা গুরুতরভাবে দগ্ধ হন। তাঁকে বাঁচাতে গিয়ে আহত হন স্বামী সৌভিকও।

সিসিটিভি ফুটেজে পুরো ঘটনাটি ধরা পড়েছে বলে পুলিশ জানিয়েছে। প্রায় ৭০ শতাংশ দগ্ধ নিকিতা বর্তমানে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। কার্শিয়াঙ আদালত ধৃত চারজনকে পুলিশ হেফাজতে পাঠিয়ে ঘটনার বিস্তারিত তদন্তের নির্দেশ দিয়েছে।

  • সিটংয়ের হোমস্টেতে বারবিকিউয়ের আগুনে গুরুতর দগ্ধ নববধূ নিকিতা সাহা। কেরোসিন ব্যবহারের অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করে হেফাজতে পাঠাল আদালত।

About The Author