আমেরিকার বারণ শুনতে নারাজ ভারত! রাশিয়ার থেকে তেল কেনায় ১০০% শুল্ক আরোপের হুঁশিয়ারি। বিলে টাম্পের সইয়ের অপেক্ষা। হলে কি বাড়বে তেলের দাম?
রাশিয়া থেকে তেল কিনলে ভারতীয় পণ্যের উপর ১০০% শুল্ক চাপাতে পারে আমেরিকা। বুধবারই এই সংক্রান্ত একটি বিল পেশ হয়েছে মার্কিন আইনসভায়। সেই আবহেই নিজেদের অবস্থান স্পষ্টভাবে জানিয়ে দিল নয়াদিল্লি।
বৃহস্পতিবার, বিদেশ মন্ত্রকের তরফ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, “১৪০ কোটি ভারতীয়র জ্বালানী নিরাপত্তা বজায় রাখতে ভারত সরকার অঙ্গীকারবদ্ধ। আন্তর্জাতিক বাজারের গতিপ্রকৃতি এবং সরবরাহ ব্যবস্থার উপর ভিত্তি করে বিভিন্ন উৎস থেকে প্রয়োজন অনুযায়ী, অপরিশোধিত তেল এবং শক্তি সম্পদ ক্রয় করার বিষয়টি অব্যাহত রাখবে ভারত।”
এই বিবৃতি থেকেই স্পষ্ট, ভারত ট্রাম্পের আমেরিকার জোরাজুরির সামনে নতিস্বীকার করবে না। বরং, নিজস্ব প্রয়োজন অনুযায়ী, নয়াদিল্লি রাশিয়া এবং অন্যান্য দেশ থেকে জ্বালানি সংক্রান্ত পণ্য কেনা বজায় রাখবে।
তাদের তরফে বলা হয়েছে, বিল পাসের বিষয়টির উপর সরকার পুরোপুরি নজর রাখছে। বিদেশ মন্ত্রক বিবৃতি দিয়ে জানিয়েছে, এই বিলটি আইনসভায় পাস করানোর আগেই এটির সম্ভাব্য পরিণতি নিয়ে মার্কিন আধিকারিকদের সঙ্গে উচ্চপর্যায়ের একটি আলোচনাও হয়।
রাশিয়া থেকে তেল, গ্যাস আমদানির ক্ষেত্রে আমেরিকা যদি কোনও ধরনের শুল্ক আরোপ করে তাহলে তা দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব তৈরির পাশাপাশি বিশ্বব্যাপী তেলের বাজারের ক্ষেত্রেও অস্থিতিশীলতা তৈরি করতে পারে বলে বলে মনে করা হচ্ছে। নতুন এই মার্কিন আইনের জেরে যদি রপ্তানি বাণিজ্য বা জ্বালানি আমদানিতে কোনও প্রভাব পড়ে, তাহলে অবশ্যই তার বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়েছে ভারতের তরফে।

