জেন-জি পড়ুয়াদের উদ্দেশ্যে বানানো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাইরাল রিল ভিডিও হঠাৎ করেই ফেসবুক থেকে গায়েব হয়ে যায়। এই ঘটনায় তুমুল বিতর্ক শুরু হয়। পরে মেটা কর্তৃপক্ষ ক্ষমা চেয়ে ভিডিও ফিরিয়ে দিলেও সংসদীয় স্থায়ী কমিটির মতে, শুধু ক্ষমা যথেষ্ট নয়, এই ঘটনার দায় নিতে হবে সংস্থাকে।
সোমবার তথ্যপ্রযুক্তি বিষয়ক সংসদীয় কমিটির বৈঠকের পর কমিটির প্রধান নিশীকান্ত দুবে বলেন, “প্রধানমন্ত্রীর ভিডিও মুছে ফেলার দায়ে মেটা প্রধান মার্ক জুকারবার্গকে ক্ষমা চাইতে হবে।” তিনি আরও জানান, প্রয়োজনে সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া উচিত।
বৈঠকে গুগল, মেটা ও ইউটিউবের প্রতিনিধিদের পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মেইটি-র শীর্ষ কর্তারা উপস্থিত ছিলেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে শিশু যৌন নিপীড়নমূলক বিষয়বস্তু কেন রয়েছে, সে প্রশ্নও ওঠে। বিজেপির এক প্রবীণ সাংসদ বৈঠকে সরাসরি জানতে চান, প্রধানমন্ত্রীর ভিডিও সরানোর দায় কে নেবে? সংসদীয় কমিটির বার্তা স্পষ্ট, প্রধানমন্ত্রীর ভিডিও সরানোর মতো ঘটনা আর সহ্য করা হবে না। মার্ক জুকারবার্গকে ক্ষমা চাইতে হবে।

