এবার ইউক্রেনের ওডেশা বন্দরে ভুট্টাবাহী ‘গোল্ডেন লিও’ জাহাজে ক্ষেপণাস্ত্র হামলায় মৃত্যু হয়েছে ৪ ভারতীয় নাবিকের। একজনের অবস্থা আশঙ্কাজনক।
এই হামলার নেপথ্যে তা স্পষ্ট নয়। তবে কিয়েভ রাশিয়াকেই দায়ী করেছে। এই ঘটনার পর নয়াদিল্লিও কড়া নিন্দা জানিয়েছে।
রবিবার রাতে গিনি-বিসাউয়ের পতাকাবাহী ভুট্টাবাহী জাহাজ ‘গোল্ডেন লিও’ বন্দরের বাইরে যাওয়ার সময় আচমকা তিনটি ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে। মুহূর্তে জাহাজে আগুন ধরে যায়, কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ।
কিয়েভ জানিয়েছে, হামলায় মোট ৯ জন জাহাজকর্মী ও একজন পাইলটের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে চারজন ভারতীয়। আরও একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, রাতভর উদ্ধারকাজ চালিয়ে ১৭ জনকে নিরাপদে বের করে আনা হয়েছে। তবে হামলার উৎস এখনও স্পষ্ট নয়। ইউক্রেন সরকার রাশিয়াকে কাঠগড়ায় তুলেছে।
ভারত সরকার এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে এবং নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়েছে। নয়াদিল্লি জানিয়েছে, বিদেশে কর্মরত ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক মহলকে দায়িত্ব নিতে হবে।

